Aaj India Desk, কলকাতা : কলকাতার মঞ্চে একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের একাধিক তারকাকে। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। আর সেই উৎসবেই বলিউডের এক জনপ্রিয় অভিনেতাকে হাজির করানোর উদ্যোগ নিলেন বাংলার তারকা বিধায়ক। তাঁকে আমন্ত্রণ জানাতে সোজা দুবাইয়ে পৌঁছে গেলেন হিরণ চট্টোপাধ্যায়। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, সঞ্জয় দত্তের (Sanjay Dutt) পা ছুঁয়ে প্রণাম করে তাঁকে কলকাতায় আসার আমন্ত্রণ জানালেন অভিনেতা-বিধায়ক।
১৬ ডিসেম্বর কলকাতায় আসছেন সঞ্জয় দত্ত?
আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সেই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সঞ্জয় দত্তকে (Sanjay Dutt) আমন্ত্রণ জানিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। শুক্রবার দুবাইয়ে সঞ্জয় দত্তের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন শ্যামপুরের বিধায়ক হিরণ। সেখানেই চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ জানান তিনি। তাঁদের সাক্ষাতের মুহূর্তের ভিডিয়ো নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন হিরণ।
আমন্ত্রণ পেয়ে কী বললেন সঞ্জুবাবা?
ভিডিয়োয় সঞ্জয় দত্তকে (Sanjay Dutt) পাশে নিয়ে হিরণ বলেন, আগামী ১৬ ডিসেম্বর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে বিশেষ অতিথি হিসেবে দেখতে চান তাঁরা। পাশাপাশি সঞ্জয় দত্তের মায়ের জন্মভূমি কলকাতা বলেও উল্লেখ করেন তিনি।
হিরণের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেন সঞ্জয় দত্ত। অভিনেতাকে বলতে শোনা যায়, “আমি একশো শতাংশ উপস্থিত থাকব।” তাঁর এই আশ্বাসে কলকাতা চলচ্চিত্র উৎসবে সঞ্জয় দত্তের উপস্থিতি ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।
তারকাদের চাঁদের হাট বসবে কলকাতায়?
এবারের চলচ্চিত্র উৎসব ঘিরে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। সলমন খান, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, অনুপম খের, রজনীকান্ত এবং প্রভাসের মতো তারকাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জনসংযোগ ও সংবাদমাধ্যম উপসমিতির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। সেই দায়িত্বের অংশ হিসেবেই সঞ্জয় দত্তকে আমন্ত্রণ জানাতে দুবাইয়ে গিয়েছিলেন তিনি। সঞ্জয় দত্তের উপস্থিতি নিশ্চিত হলে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।


