Aaj lndia Desk,নয়াদিল্লি : কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল (Delimitation Bill) ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, লোকসভার আসনসংখ্যা ৮৫০ করার পরিকল্পনা আসলে দেশের রাজনৈতিক ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার কৌশল। গণতন্ত্রের স্বার্থে এই উদ্যোগ যে কোনও মূল্যে আটকানোর বার্তা দিয়েছেন তিনি।
মহিলা সংরক্ষণকে অজুহাত করার অভিযোগ
রাহুলের দাবি, মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখে আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্র। অথচ সংসদে ইতিমধ্যেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ অনুমোদিত হয়েছে। তাঁর মতে, লোকসভার বর্তমান আসনসংখ্যার মধ্যেই এই সংরক্ষণ কার্যকর করা সম্ভব। তাই আসন বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
‘নির্বাচন চুরি’ নিয়ে বিজেপিকে নিশানা
সাংবাদিক বৈঠকে নির্বাচনী কারচুপির অভিযোগও ফের সামনে আনেন রাহুল। তাঁর দাবি, কংগ্রেসের সমীক্ষায় ৮০ শতাংশ ভারতীয় এবং জেন-জি (Gen Z) প্রজন্মের ১০০ শতাংশ উত্তরদাতা মনে করেন, দেশে নির্বাচন চুরি হচ্ছে। অসম (Assam), বিহার (Bihar) এবং জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) আসন পুনর্বিন্যাসের উদাহরণ টেনে তিনি আশঙ্কা প্রকাশ করেন, নতুন আইন কার্যকর হলে রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার সুযোগ পাবে বিজেপি। তরুণ প্রজন্মকে ৮৫০ সংখ্যাটি মনে রাখার আহ্বানও জানান তিনি।
জাতিগণনা ও সংরক্ষণ নিয়ে উদ্বেগ
রাহুলের অভিযোগ, ২০১১ সালের জনগণনার তথ্যের ভিত্তিতে আসন পুনর্গঠন করে ২০৫১ সাল পর্যন্ত তা স্থির রাখার পরিকল্পনা রয়েছে। এতে এসসি (SC), এসটি (ST), ওবিসি (OBC) এবং সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তাঁর। ২০২৭ সালের জনগণনাকে গুরুত্বহীন করে জাতিগণনার তথ্য এড়ানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
‘একনায়কতন্ত্র হতে দেব না’
ভোটপ্রক্রিয়া ও ইভিএম (EVM) নিয়েও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান রাহুল। তাঁর হুঁশিয়ারি, দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।


