কলকাতা: বারুইপুরে নাবালিকা গণধর্ষণ-খুনের (Baruipur rape and murder) ঘটনায় কালীঘাট তৃণমূলের প্রতিবাদ মিছিল ঘিরে বুধবার হাইভোল্টেজ ড্রামার সাক্ষী থাকলো হাজরা মোড়! দুপুর ২ টোয় বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হয়ে হাজরা মোড়ের কাছে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির লোকেদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মিছিলের সদস্যরা। তৃণমূলের দাবী, আগে থেকে হাজরা মোড়ে লোক জমায়েত করে রেখেছিল বিজেপি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এরপর ফেসবুক লাইভে বুধবার ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “পুলিশের কাছে ৩ বার মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। প্রতিবারই না করে দেয়। অবশেষে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে আমরা মিছিল করি”। তিনি আরও বলেন,”সকাল থেকে আমার বাড়ির সামনে পুলিশ নজরদারি করছে। কে আসছে, কে যাচ্ছে, সব নজর রাখে। প্রেসকেও এখন ঢুকতে দেয় না। আমাকে হাউস অ্যারেস্টের মতো করে রেখেছে।”
প্রতিবাদ কর্মসূচি ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। তাঁর দাবি, কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে হ্যান্ডমাইক ব্যবহার করে শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই কর্মসূচি বানচাল করার চেষ্টা হয়েছে। মমতার অভিযোগ, “আমরা হাইকোর্টের অনুমতি নিয়ে হ্যান্ডমাইক ব্যবহার করছিলাম। কিন্তু ওরা সকাল ৬টা থেকেই ডিজে বাজিয়েছে। পুরো এলাকায় তাণ্ডব করেছে। আমার বাড়ির সামনে দিয়ে সকাল থেকে বিজেপির গুণ্ডারা স্লোগান দিতে দিতে গেছে”।
Video Link: https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1040495415095165
এরপর মমতা (Mamata Banerjee) বলেন, “আপ্নারাও তো আগে নবান্ন ঘেরাও অভিযান করেছেন, ঢিল ছুঁড়েছেন। কিন্তু আমরা কিছু বলিনি। কারণ আদালতের অনুমতি নিয়েই সেইসব মিছিল হয়েছে। মানুষ কি এখন প্রতিবাদ করতে পারবে না?” শুধু তাই নয়, রাজ্য পুলিশ “দলদাসে পরিণত হয়েছে” বলেও তোপ দাগেন মমতা (Mamata Banerjee)।
প্রসঙ্গত, বারুইপুর কাণ্ডের (Baruipur rape and murder) প্রতিবাদে এদিন কালীঘাটপন্থী তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে হাজরা-কালীঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিল চলাকালীন পাল্টা স্লোগান, গান বাজানো এবং বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। পরে মমতার বাড়ির সামনেও হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। সেই আবহেই পুলিশি নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী।


