Aaj India Desk, নয়াদিল্লি: ঘৃণাসূচক মন্তব্য (Hate Spech) মামলায় পুলিশের সামনে সশরীরে হাজিরার নির্দেশের বিরুদ্ধে করা তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) আবেদন শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও শুক্রবার সেই আবেদন কার্যত খারিজ হয়ে যায়। শুনানির সময় মহুয়ার আইনজীবীর নিরাপত্তা সংক্রান্ত যুক্তি এবং ডিম ছোড়ার আশঙ্কার প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করে আদালত।
বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুরের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন তারা দেখছে না। এরপর মামলাটির নিষ্পত্তি করে দেওয়া হয়। মহুয়ার হয়ে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতে জানান, পুলিশের নোটিস অনুযায়ী তাঁকে নিজের লোকসভা কেন্দ্রের একটি থানায় ব্যক্তিগতভাবে হাজির হতে বলা হয়েছে। তিনি বলেন, এর আগে সেখানে গেলে মহুয়ার দিকে ডিম ছোড়া হয়েছিল। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে ভার্চুয়াল মাধ্যমে পুলিশি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার আবেদন জানান তিনি।
তবে সেই যুক্তি মানতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। বেঞ্চের পর্যবেক্ষণ, একজন সাংসদ হিসেবে রাজনৈতিক জীবনে এমন ঘটনার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকতেই পারে। আদালত আরও মন্তব্য করে, দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুক পেতে গুলিও সহ্য করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ডিম ছোড়ার আশঙ্কা দেখিয়ে এ ধরনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আসা ঠিক নয়।
প্রসঙ্গত, গত ২১ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে ৫ অক্টোবর পর্যন্ত গ্রেফতার বা কড়া পুলিশি পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিলেন। তবে একই সঙ্গে তিনি নির্দেশ দেন, তদন্তে সহযোগিতা করতে মহুয়াকে তদন্তকারী আধিকারিকের সামনে সশরীরে হাজির হতে হবে।
হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। কিন্তু শীর্ষ আদালত আবেদন শুনতে অনিচ্ছা প্রকাশ করায় শেষ পর্যন্ত সেই আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। এখন এই মামলার পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে আগামী ১ অক্টোবর হওয়ার কথা।


