24 C
Kolkata
Saturday, November 14, 2026
spot_img

অভিযুক্তকে ধরতে গিয়ে উল্টে গুলিবিদ্ধ পুলিশ! শান্তিনিকেতনে শুটআউট ঘিরে চাঞ্চল্য!

বীরভূম: সন্ধেবেলার ব্যস্ত বাজার। চারদিকে লোকজনের ভিড়। আচমকাই সেই বাজারে গর্জে উঠল বন্দুক (Shootout)! অভিযুক্তকে ধরতে গিয়ে উল্টে তাঁরই গুলির নিশানায় পুলিশকর্মী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে চম্পট দিল অভিযুক্ত! বীরভূমের শান্তিনিকেতনের লাইক বাজারে এই শুটআউট ঘিরে এখন তীব্র চাঞ্চল্য।

ঘটনাটি শুক্রবার সন্ধ্যার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক অভিযুক্তকে পাকড়াও করতে লাইক বাজারে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। বাজার এলাকায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে তাঁকে ধরতে এগিয়ে যান কনস্টেবল বিশ্বজিৎ দাস। কিন্তু পুলিশকে দেখে পালানোর বদলে আচমকাই বন্দুক বের করে গুলি চালিয়ে দেয় অভিযুক্ত (Shootout)। সেই গুলি লাগে বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এদিকে, গুলির শব্দে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যস্ত বাজারে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। সেই বিশৃঙ্খলার সুযোগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। অন্য পুলিশকর্মীরা দ্রুত বিশ্বজিৎকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন পুলিশ আধিকারিকরাও।

কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়েও কি পালানোর ছক কষেছিল ওই অভিযুক্ত? নাকি আচমকা পুলিশের মুখোমুখি হয়ে গুলি চালায় সে (Shootout)? কেন তাকে ধরতে গিয়েছিল পুলিশ, কী নাম তার, এখনও স্পষ্ট নয়। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। দ্রুত তাকে গ্রেফতার করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে গোটা ঘটনায় পুলিশ আধিকারিকদের নীরবতা ঘিরেও তৈরি হয়েছে প্রশ্ন।

রাজ্যে সরকার পরিবর্তনের পর বোলপুর-শান্তিনিকেতন এলাকায় গুলিচালনার ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার বলে স্থানীয় সূত্রে দাবি। এর আগে শুটআউটে (Shootout) প্রাণ গিয়েছিল এক বিজেপি নেতার। এবার দুষ্কৃতী ধরতে গিয়ে গুলিবিদ্ধ খোদ পুলিশকর্মী! ব্যস্ত বাজারে পুলিশের উপর এই হামলা কি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল? আপাতত সেই প্রশ্নই ঘুরছে শান্তিনিকেতনে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন