নয়াদিল্লি: একটি নগ্ন ছবি, আর তার বদলে দেশের যুদ্ধের গোপন পরিকল্পনার এক একটি পাতা! সিনেমার গুপ্তচর কাহিনিকেও যেন হার মানাবে দিল্লি পুলিশের চার্জশিটে ওঠা অভিযোগ। সন্দেহভাজন পাকিস্তানি গোয়েন্দা (Pakistani Spy) অপারেটিভের সঙ্গে যোগাযোগ রেখে দেশের সামরিক গোপন তথ্য ফাঁস করেছেন ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডার,এমনই দাবি পুলিশের। দিল্লির আদালতে পেশ করা চার্জশিটে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশের অভিযোগ, হোয়াটসঅ্যাপে ওই অপারেটিভের (Pakistani Spy) কাছ থেকে একটি নগ্ন ছবি পাওয়ার পর ‘সিক্রেট ওয়ার প্ল্যান’-এর একটি পাতা পাঠান অভিযুক্ত অফিসার। এমনকী প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধ পরিকল্পনার নতুন একটি পাতা দেওয়ার প্রস্তাবও নাকি দিয়েছিলেন তিনি! তবে এগুলি চার্জশিটে পুলিশের দাবি, আদালতে এখনও প্রমাণিত নয়।
কিন্তু অভিযোগের ভয়াবহতা এখানেই শেষ নয়! চার্জশিট অনুযায়ী, ওই অফিসার নাকি দেশের একটি গোপন ড্রোন ইউনিটের শক্তি, সাংগঠনিক কাঠামো, ড্রোনের পরীক্ষা, কার্যক্ষমতা এবং লক্ষ্যভেদের কৌশল সংক্রান্ত তথ্যও ফাঁস করেছেন। এমনকী লেহ-তে যুদ্ধবিমানের মোতায়েন এবং রাজস্থানের সুরাটগড়ে সামরিক মহড়ার তথ্যও পৌঁছে গিয়েছে সন্দেহভাজন অপারেটিভের কাছে বলে অভিযোগ।
আর হোয়াটসঅ্যাপের কথোপকথনের পরিসংখ্যান শুনলে চোখ কপালে উঠবে! পুলিশের দাবি, দু’জনের মধ্যে আদানপ্রদান হয়েছে ৩ হাজার ৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৪২টি ভয়েস কল, ৪টি ভিডিও কল এবং ৬টি URL। অভিযোগ, ওই অপারেটিভের (Pakistani Spy) পাঠানো ম্যালওয়্যার ব্যবহার করে অধস্তন পাঁচ আধিকারিকের ডিভাইসেও স্পাইওয়্যার ইনস্টল করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত।
গত ৩০ মে তাঁকে (Pakistani Spy) গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। এখন তদন্তের কেন্দ্রে একটাই প্রশ্ন, ব্যক্তিগত সম্পর্কের ফাঁদে পড়ে দেশের নিরাপত্তার সঙ্গে কি ভয়ংকর আপস করেছিলেন এই বায়ুসেনা অফিসার? অভিযোগের সত্যতা শেষ পর্যন্ত আদালতেই নির্ধারিত হবে।


