Aaj India Desk, কলকাতা : রক্ত সংগ্রহ ও বণ্টনে একাধিক অনিয়মের অভিযোগে ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। আপাতত ওই ব্লাড ব্যাঙ্কগুলিকে স্বেচ্ছায় রক্তদান শিবির (Blood Donation Camp) আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১ অগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হওয়ার কথা ছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শুক্রবার মামলার শুনানিতে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে আদালত।
কী বলছে স্বাস্থ্য দফতর?
রাজ্য স্বাস্থ্য দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল-এর তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাঙ্কে আচমকা পরিদর্শনের সময় রক্ত সংগ্রহ ও বণ্টন সংক্রান্ত বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ১১টি ব্লাড ব্যাঙ্ককে কোনও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করতে দেওয়া হবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে নির্দেশ?
নতুন নির্দেশিকার আওতায় থাকা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কলকাতার একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। তালিকায় রয়েছে—
- এন্টালির লাইফ কেয়ার ব্লাড সেন্টার
- যোধপুর পার্কের অশোক ল্যাবরেটরি ব্লাড সেন্টার
- আলিপুরের কোঠারি মেডিক্যাল ব্লাড সেন্টার
- বেলেঘাটার ওম ব্লাড সেন্টার হাসপাতাল ব্লাড সেন্টার
এ ছাড়াও আরও কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক এই নির্দেশের আওতায় রয়েছে। (Blood Donation Camp)
হাসপাতালের ভিতরে রক্ত সংগ্রহে ছাড়
তবে পুরোপুরি রক্ত সংগ্রহ বন্ধ করা হয়নি। সরকারি নিয়ম মেনে সংশ্লিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠানের নিজস্ব পরিসরে রক্ত সংগ্রহ করতে পারবে ওই কেন্দ্রগুলি। রাজ্যের মধ্যে রক্ত বা রক্তের উপাদান এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর ক্ষেত্রে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে। অন্য রাজ্যে রক্ত বা রক্তের উপাদান পাঠাতে হলে জাতীয় স্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
অন্য রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ
স্বাস্থ্য দফতরের তদন্তে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। অনুমতি ছাড়াই অর্থের বিনিময়ে রক্ত ও প্লাজমা অন্য রাজ্যে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে স্বাস্থ্য দফতর। গত ছয় মাসে অন্তত ৩,৫০০ ইউনিট রেড ব্লাড সেল অন্য রাজ্যে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের মতো রাজ্যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে এই রক্ত বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ। তবে তদন্তের চূড়ান্ত ফল এখনও প্রকাশ্যে আসেনি। (Blood Donation Camp)
তবে স্বাস্থ্য দফতরের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছে একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাও-এর এজলাসে মামলাটি ওঠে।।তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, রাজ্য সরকারের কাছে সেই বিষয়ে রিপোর্ট চেয়েছে আদালত। আগামী ১৪ অগস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। মামলার পরবর্তী শুনানি ১৯ অগস্ট। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ১১টি ব্লাড ব্যাঙ্কে স্বেচ্ছায় রক্তদান শিবির বন্ধ রাখার সিদ্ধান্তই বহাল থাকবে কি না, পরবর্তী শুনানিতে সেই বিষয়েও নজর থাকবে।


