Aaj India Desk, নয়াদিল্লি: আন্তর্জাতিক রাজনীতির উত্তাপের মধ্যেই দিল্লিতে বসেছে BRICS Summit 2026। আর সম্মেলনের শুরুতেই এমন একটি ছবি প্রকাশ্যে এসেছে, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাশাপাশি দেখা যাচ্ছে। শুধু পাশাপাশি দাঁড়ানো নয়, তিন নেতার হাত একে অপরের সঙ্গে ধরা। ফলে ছবিটি সামনে আসতেই মজার ছলে অনেকেই বলছেন ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’!
ছবিটি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে থাকা ছবিগুলিতে মোদী, পুতিন এবং শি-র সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী প্রবোও সুবিয়ান্তোকেও দেখা গিয়েছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে যখন দেশগুলির মধ্যে মতপার্থক্য এবং উত্তেজনা রয়েছে, তখন BRICS-এর মঞ্চে এই সৌজন্যের মুহূর্ত বিশেষ তাৎপর্য বহন করছে বলেই মনে করা হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী পর্বেও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রধানমন্ত্রী মোদী বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ‘গ্লোবাল সাউথ’-এর ভূমিকার উপর। তাঁর বক্তব্য, বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে আন্তর্জাতিক নীতিনির্ধারণের ক্ষেত্রে আরও সক্রিয় জায়গা করে দিতে হবে। কেবল আলোচনায় নিজেদের মতামত জানানোর পরিবর্তে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও তাদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
এই লক্ষ্য পূরণে ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন মোদী। গ্লোবাল সাউথের নীতিনির্ধারকদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাঁদের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
অন্যদিকে, সম্মেলনের অন্যতম বড় সাফল্য হিসেবে উঠে এসেছে দিল্লি ঘোষণাপত্র। দীর্ঘ আলোচনা এবং একাধিক বিষয়ে মতপার্থক্যের পর শেষ পর্যন্ত সদস্য দেশগুলি ঘোষণাপত্রটি গ্রহণ করেছে। সেখানে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করা হয়েছে। পাশাপাশি একতরফা যুদ্ধ কিংবা যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে এমন পদক্ষেপের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ঘোষণাপত্রের বিভিন্ন বিষয় নিয়ে শনিবার ভোর পর্যন্ত সদস্য দেশগুলির মধ্যে আলোচনা চলে। শেষপর্যন্ত ঐকমত্য তৈরি হয়। প্রধানমন্ত্রী মোদী বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, কোনও সদস্য দেশই কোনও বিষয়ে আপত্তি জানায়নি।
BRICS Summit-এ অংশ নিতে শুক্রবার ভোরে দিল্লিতে পৌঁছন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে শুক্রবার দুপুরে রাজধানীতে আসেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁদের ভারত সফরকে ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক কূটনীতির দিক থেকেও বিশেষ নজর রয়েছে।


