Aaj India Desk, নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে সাময়িক স্বস্তি পেলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal) । তবে এই রক্ষাকবচ পেতে তাঁকে মানতে হবে আদালতের একাধিক শর্ত। বুধবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে টুলু মণ্ডলকে। তিনি যেদিন কলকাতায় পৌঁছবেন, সেদিন থেকেই পরবর্তী তিন সপ্তাহের জন্য কার্যকর হবে তাঁর রক্ষাকবচ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবী সাময়িক সুরক্ষার আবেদন জানান। আদালতে তিনি বলেন, টুলু মণ্ডল কোনও বড় অপরাধী নন। তাঁকে অন্তত দু’সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হোক। তিনি দেশে ফিরে আদালত বা তদন্তকারী সংস্থা যেখানে হাজিরা দিতে বলবে, সেখানেই হাজির হবেন। এরপর আরও কয়েক সপ্তাহের জন্য সুরক্ষা দেওয়ার আবেদনও জানান তাঁর আইনজীবী।
অন্যদিকে, রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই মামলার পিছনে কোনও রাজনৈতিক প্রতিহিংসা নেই। তাঁর দাবি, টুলু মণ্ডল একটি বড় অপরাধমূলক চক্রের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে প্রয়োজনে আরও এফআইআর দায়ের হতে পারে। পাশাপাশি, রক্ষাকবচ নিয়ে বাংলায় ফিরে তদন্তে প্রভাব খাটানোর আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত স্পষ্ট করে দেন, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। তবে কলকাতায় ফেরার পর তাঁকে কোথায় রিপোর্ট করতে হবে, তা নিয়েও রাজ্যের কাছে জানতে চায় আদালত। রাজ্যের তরফে জানানো হয়, আদালতের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
সব মিলিয়ে আদালতের নির্দেশ, ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে টুলু মণ্ডলকে। নির্ধারিত সময়ের মধ্যে না ফিরলে তাঁর ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে, সেই বিষয়টিও আদালত স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ আপাতত স্বস্তি মিললেও, এই রক্ষাকবচ পুরোপুরি নির্ভর করছে আদালতের বেঁধে দেওয়া শর্ত মেনে চলার উপর।


