Aaj India Desk, কলকাতা: পুজোর আবহ তৈরি হওয়ার আগেই দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক। এবার আলোচনার কেন্দ্রে পুজো মণ্ডপে বামেদের বইয়ের স্টল। কমিউনিস্ট বা বাম মনোভাবাপন্ন সংগঠনগুলি পুজো প্রাঙ্গণে স্টল বসালে কী লেখা থাকবে সেই নিয়েই কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, স্টলের ব্যানারে ‘শারদোৎসব’ শব্দ ব্যবহার করা চলবে না। সেখানে স্পষ্ট করে ‘দুর্গাপূজা’ লিখতে হবে। এই শর্ত না মানলে পুজো চত্বরে স্টল বসানোর অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই অবস্থানের পরেই পাল্টা সরব হয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Satarup Ghosh)। তাঁর বক্তব্য, দলের সিদ্ধান্ত প্রশাসনিক নির্দেশের ভিত্তিতে বদলাবে না। কী করা হবে, সেই সিদ্ধান্ত বাম নেতৃত্বই নেবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, প্রশাসনের হাতে যে ক্ষমতা রয়েছে, তা প্রয়োগ করার অধিকার তাঁর রয়েছে তিনি সেটাই করে দেখতে পারেন।
বিতর্ক আরও বাড়ে শতরূপের একটি সামাজিক মাধ্যমের পোস্টকে ঘিরে। সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ব্যঙ্গ করে তিনি প্রশ্ন করেন, স্টলের বাইরে যদি ‘দুর্গাপূজা’ লেখা হয়, তাহলে ভিতরে নারদার ভিডিও চালানো যাবে কি না। এই মন্তব্যকে ঘিরে বাম সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
‘শারদোৎসব’ নিয়ে কেন আপত্তি?
বিধানসভায় নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার সমস্ত ধর্মের মানুষের নিজস্ব বিশ্বাস ও ধর্মাচরণকে সম্মান করে। মুসলিম, বৌদ্ধ, আদিবাসী-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মীয় রীতি স্বাধীনভাবে পালন করছেন বলেও দাবি করেন তিনি।
তবে তাঁর অভিযোগ, একাংশ তথাকথিত বামপন্থী অধ্যাপক ছদ্মবেশে হিন্দু ও সনাতন ধর্মীয় বিশ্বাসকে নিশানা করছেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই মহলের কাছে সনাতন ধর্ম মূলত সাংস্কৃতিক বিষয়। তাই দুর্গাপুজোর ক্ষেত্রে ‘দুর্গাপূজা’ না বলে ‘শারদোৎসব’ শব্দটিকেই তাঁরা বেশি গুরুত্ব দেন।
এই কারণেই পুজো কমিটিগুলির উদ্দেশে তাঁর বার্তা বাম বা কমিউনিস্ট সংগঠন বইয়ের স্টল করতে চাইলে ব্যানারে ‘দুর্গাপূজা’ লিখতে হবে। অন্যথায় স্টল বসানোর অনুমতি দেওয়া হবে না।
পাশাপাশি বাংলায় নকশাল আন্দোলন থেকে শুরু করে কমিউনিস্ট রাজনীতির মাধ্যমে ছড়িয়ে পড়া দেশবিরোধী চিন্তার বিরুদ্ধে এবার আরও কঠোর হওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই বক্তব্যের পর শতরূপের পাল্টা মন্তব্য ঘিরে দুর্গাপুজোর স্টল বিতর্ক নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে।


