29 C
Kolkata
Friday, September 11, 2026
spot_img

‘আশীর্বাদো কি দিয়া’! মোদীর জন্মদিনে বাংলার ২৯৪ বিধানসভায় জ্বলবে প্রদীপ

Aaj India Desk, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র জনজীবন ও প্রশাসনিক কর্মকাণ্ডের ২৫ বছর পূর্তিকে ঘিরে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বড়সড় কর্মসূচি। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করলেন, ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হবে ‘সেবা সংকল্প অভিযান’। তবে এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে ৭ অক্টোবর। ওই দিনই মোদীর জনসেবার ২৫ বছর পূর্ণ হচ্ছে।

৭০ লক্ষের বেশি প্রদীপে আলোকিত হবে বাংলা

অভিযানের শুরুতেই থাকছে বিশেষ কর্মসূচি ‘আশীর্বাদো কি দিয়া’। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে একসঙ্গে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচিতে স্কুলপড়ুয়া এবং সরকারি অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় গড়ে ২৫ হাজার করে প্রদীপ জ্বালানো হবে। সব মিলিয়ে সংখ্যাটা ৭০ লক্ষেরও বেশি। প্রতিটি প্রদীপের জন্য ২ টাকা করে বরাদ্দ করা হয়েছে। জেলা স্কুল পরিদর্শকদের মাধ্যমে বিধানসভাভিত্তিক স্কুলপড়ুয়াদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরে সেই তালিকা স্থানীয় বিধায়কদের হাতে তুলে দিয়ে জেলাশাসকদের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

নবান্ন থেকে কালীঘাট, একাধিক জায়গায় আলোকসজ্জা

শুভেন্দু জানান, শুধু প্রদীপ প্রজ্জ্বলন নয়, কলকাতার গঙ্গার পাড়, নবান্ন, মহাকরণ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং কালীঘাট মন্দিরও বিশেষ আলোয় সাজিয়ে তোলা হবে। এই উদ্যোগে রাজ্যের ৮০ হাজারের বেশি বিদ্যালয়কে যুক্ত করার কথা বলা হয়েছে।

৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘সেবাযাত্রা’। ওই দিন ভার্চুয়াল মাধ্যমে দেশের সমস্ত জেলার উদ্দেশে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। পাশাপাশি তৈরি করা হবে ১০৮ মিটারের ‘ভারত মণ্ডল’। বিভিন্ন জায়গায় রক্তদান শিবির ও পরিচ্ছন্নতা অভিযানও চলবে।

পড়ুয়াদের জন্য প্রতিযোগিতা, থাকছে ছাত্র বিনিময়ও

শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘স্বপ্নের ভারত’ শীর্ষক প্রতিযোগিতা এবং ‘নমো সেবা নাটক’-এর আয়োজন করা হয়েছে। বাংলা ও উত্তরপ্রদেশের মধ্যে ছাত্র বিনিময় কর্মসূচিতে ২৫ জন করে পড়ুয়া পরস্পরের রাজ্য সফর করবেন এবং ডিজিটাল কনটেন্ট তৈরি করবেন।

এছাড়াও ‘জনসেবা মহাকুম্ভ’-এর অধীনে ‘সেবা জ্যোতি যাত্রা’, ‘সেবা সেতু অভিযান’, আলপনা প্রতিযোগিতা এবং IIT খড়গপুর ও IIM কলকাতার মতো প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘জাতীয় ইনোভেশন চ্যালেঞ্জ’ থাকছে। সব মিলিয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এ মোট ১৩টি পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন