কলকাতা: স্বঘোষিত বাগেশ্বর ‘বাবা’র আমিষ-নিরামিষ বিতর্কে যখন তোলপাড় রাজ্য, কৌশিকী অমাবস্যায় কালীঘাটে পুজো দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) দিলেন মাস্টারস্ট্রোক! বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে গিয়ে নিষ্ঠাভরে মা কালীর পুজো দেন তিনি। জবার মালা ও লাল বেনারসি শাড়ি দিয়ে মাকে সাজানো হয়। মায়ের পা ধুইয়ে অঞ্জলি দেওয়ার পাশাপাশি আরতিও করেন মুখ্যমন্ত্রী।
তবে পুজোর পরেই নজর কেড়ে নেয় আরও একটি বিষয়। মন্দিরেই মাটিতে বসে মায়ের ভোগ গ্রহণ করেন শুভেন্দু। আর সেই ভোগের মেনুতেই ছিল ‘চমক’! তাঁর পাতেই আসে বাসন্তি পোলাও, মাছের মুড়ো এবং মাছ ভাজা। অর্থাৎ পুজোর পর একেবারে জমিয়ে আমিষ ভোগ খেলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।
আর এই ছবিই ফের উসকে দেয় সাম্প্রতিক ‘আমিষ বিতর্ক’-এর প্রসঙ্গ। বাগেশ্বর বাবার মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে শুভেন্দু (Suvendu Adhikari) জানান, একজন সন্ত নিজের মত প্রকাশ করেছেন। যাঁরা সেই মত গ্রহণ করবেন, তাঁরা করবেন, আর যাঁরা করবেন না, তাঁরা করবেন না।
ভোগ গ্রহণের পর অবশ্য শুধু নিজের পাতেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের মধ্যেও প্রসাদ বিতরণ করেন তিনি। কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় কালীঘাটে পুজো, মায়ের পা ধুইয়ে অঞ্জলি, তারপর মাটিতে বসে মাছের ভোগ, সব মিলিয়ে শুভেন্দুর এই সফর এখন রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু।


