SPECIAL FEATURE
কলকাতা: গতকাল সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফা। প্রতিবার ভোটের সময় মৃত্যুর সংবাদ পাওয়া যায়। এবারেও তার ব্যতিক্রম নয়। তবে এবারের মৃত্যু হিংসার কারণে নয় , গরমের (Heat) কারণে। গ্রীষ্মের শুরুতেই প্রায় ৪০° তাপমাত্রা সহ্য করতে হচ্ছে বঙ্গবাসীকে। দক্ষিণে এই তীব্র দাবদাহের পরিমাণ আরও বেশি। দুপুর দুটোর পরে রাস্তায় বেরোনোই দায় হয়ে পড়েছে। এই অবস্থায় গরম প্রতিরোধের জন্য কিছু ব্যবস্থা নিতেই হবে। রাস্তায় বেরোলে অবশ্যই ছাতা, সানস্ক্রিন ব্যবহার করতে হবে। পাশাপাশি খেতে হবে পর্যাপ্ত জল। কারণ শরীরে জলশূন্যতা তৈরি হলে নানা সমস্যা হতে পারে। গরম আসলেই দেখা যায় শরীরে সোডিয়াম পটাসিয়াম কমে যাওয়া, বমি, বদ হজম হওয়া, ডায়রিয়া আমাশয়। জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ার মতো সমস্যা ও হিট (Heat) স্ট্রোক হয়ে মৃত্যুর খবরও পাওয়া যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই অবস্থায় খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন। গরমকালে সুস্থ থাকার জন্য কিছু ফল ও খাবার অপরিহার্য । কি এগুলো ?
তরমুজ :
তরমুজের প্রায় ৯০ শতাংশই জল। এছাড়া তরমুজ যথেষ্ট উপকারী। এই ফলটি শরীরে জলের জোগান দিতে এবং জলশূণ্যতা কমাতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন সি। ক্যালোরির মাত্রাও কম। এমনকি ডায়াবেটিসের রোগীদের জন্যও এই ফল খুবই ভাল। ফলে গরমকালে দুপুরে খাবার পরে অথবা যে কোনো সময় কেটে অথবা শরবত বানিয়ে তরমুজ খাওয়া যেতেই পারে।
শসা :
শসায় জলের মাত্রা ৯৫ শতাংশ। ফল হিসেবে কাঁচাই খাওয়া যায়। আবার কেউ কেউ শসা দিয়ে নানা পদ রান্না করেন। শসা দিয়ে স্মুদি বানিয়েও খাওয়া যায়। গরমকালে শসার মত উপকারী ফল কমই আছে। এই ফলটি একই সাথে শরীর ঠান্ডা রাখে ও ওজন কমাতে সাহায্য করে। এমনকি ত্বকের জন্যও এই ফল দারুণ উপকারী।
লেবু :
গরমকালে বাঙালি বাড়িতে আর কিছু থাকে বা না থাক লেবু থাকবেই । সে কাগজি হোক, গন্ধরাজ হোক কিংবা পাতিলেবু। ভাতে মেখে কিংবা শরবত বানিয়ে খেতে লেবু অপরিহার্য। গরমে অতিরিক্ত গ্লুকোজ বেরনোর কারণে শরীরে জলশূন্যতা তৈরি হয়। তাই শরীরকে হাইড্রেট করতে লেবু অত্যন্ত উপযোগী।
ডাবের শরবত :
ডাবের জল গরমকালে পেট ঠান্ডা রাখতে খুব সাহায্য করে। সরাসরি ডাবের জল যেমন খাওয়া যায় তেমনই ডাবের নরম শাঁস মিক্সিতে বেটে, তাতে বিটনুন, জল, বরফ ও কিছুটা দুধ মিশিয়ে বানিয়ে ফেলা যায় ডাবের শরবত। শরীরকে ঠান্ডা করতে এবং ক্লান্তি দূর করতে অত্যন্ত উপযোগী এই শরবত।
দইয়ের ঘোল :
গরমকালে শরীরের হজমশক্তি ঠিকঠাক রাখতে ঘোল অত্যন্ত উপকারী। তবে রাস্তায় বানানো নয়, বাড়িতে বানানো ঘোল। টক দই, চিনি, বিট নুন, লেবুর রস, আর কয়েক টুকরো বরফ দিয়ে মিক্সিতে মিশিয়ে বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু ঘোল । ঘোল যেমন ক্লান্তি কাটায়, তেমন হজমশক্তিও বাড়ায়।
পাশাপাশি এই তীব্র গরমে (Heat) ভাজাভুজি, তেল-মশলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। মনে রাখবেন সুস্থ থাকার জন্য জরুরি সুষম খাদ্য। এর কোনো বিকল্প নেই।


