Aaj India Desk, কোচবিহার: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন কোচবিহার (Coochbehar) উত্তর বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই একাধিক বুথে ভোট (Vote) প্রক্রিয়া ব্যাহত হওয়ার অভিযোগ উঠল। ঘড়ির কাটায় সকাল ১০ পেরিয়ে যাওয়ার পরও এই কেন্দ্রের অন্তত ৬টি বুথে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
জানা গিয়েছে, কোথাও ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট বিকল হয়ে পড়েছে, আবার কোথাও ভিভিপ্যাট (VVPAT) মেশিন লক হয়ে যাওয়ার কারণে ভোটাররা ভোট দিতে পারেননি। ফলে সকাল থেকেই বুথগুলিতে দীর্ঘ লাইন তৈরি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
এই পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায়। তাঁর অভিযোগ, ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে কমিশনের এমন অপ্রস্তুতি গ্রহণযোগ্য নয়। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
তিনি আরও বলেন, সকালবেলা ভোট দিতে এসে বহু মানুষ বুথের বাইরে অপেক্ষা করছেন, কিন্তু মেশিন বিকলের কারণে ভোট দিতে পারছেন না। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক ভোটগ্রহণ শুরু করার দাবি জানান তিনি।


