Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রে ফের উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই। সকাল থেকেই বিভিন্ন জেলায় ভোটারদের দীর্ঘ লাইন, শান্তিপূর্ণভাবে ভোটদানের ছবি যেমন সামনে এসেছে, তেমনই একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ও অভিযোগও উঠে এসেছে।
এরই মধ্যে উত্তর কাঁথি বিধানসভার ১৭২ নম্বর বুথ ছনবেড়্যা এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। বিজেপি (BJP)-এর দাবি, তাদের প্রার্থী সুমিতা সিনহা (Sumita Sinha)-কে পিন্টু গিরির নেতৃত্বে একদল দুষ্কৃতী আটকে রেখে হেনস্থা ও হুমকি দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রার্থীকে বুথে যেতে বাধা দেওয়া হয় এবং ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলতেই এই ঘটনা ঘটানো হয়েছে।
উল্লেখ্য এইদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই ভোটদানে উৎসাহ চোখে পড়ার মতো। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর-সব জায়গাতেই ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। কোথাও ইভিএম বিভ্রাট, কোথাও রাজনৈতিক চাপানউতোর, আবার কোথাও শান্তিপূর্ণ ভোট-সব মিলিয়ে প্রথম দফার ভোটে সকাল থেকেই জমে উঠেছে রাজনৈতিক লড়াই।


