33 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

দীর্ঘ অপেক্ষার অবসান! কবে শুরু কবি সুভাষ মেট্রো ?

Aaj India Desk, কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হল কলকাতা মেট্রোর কবি সুভাষ (Kavi Subhas) নিউ গড়িয়া স্টেশনের ভাঙা ও পুনর্নির্মাণের কাজ। প্রায় এক বছর বন্ধ থাকার পর শেষমেশ নব্য রাজ্য সরকারের নির্দেশে সোমবার থেকেই শুরু হচ্ছে স্টেশনের দক্ষিণেশ্বরমুখী প্ল্যাটফর্ম ভেঙে নতুন করে তৈরির প্রক্রিয়া।

ফের কবে চালু হবে কবি সুভাষ মেট্রো ?

১৮ মে থেকে স্টেশনের দক্ষিণেশ্বরমুখী (আপ) প্ল্যাটফর্ম ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৪-৬ সপ্তাহের মধ্যে ভাঙ্গা শেষ করা হবে। পুনর্নির্মাণ শেষ হতে আরও ৬-৭ মাস লাগতে পারে। সব মিলিয়ে ২০২৬ এর শেষ দিকেই ফের চালু হতে পারে ব্লু লাইনের এই মেট্রো স্টেশন।

তবে আবহাওয়া বা অন্য কোনো সমস্যা হলে এই কাজ শেষ হতে আরও দেরি হতে পারে। যদিও মেট্রো কর্তৃপক্ষ যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেই জানিয়েছে।

কেনো বন্ধ ছিল মেট্রো ? 

২০১০ সালের অক্টোবর মাসে চালু হয়েছিল কবি সুভাষ (Kavi Subhas) মেট্রো স্টেশন। তবে চালুর মাত্র চার বছরের মধ্যেই, ২০১৪ সালে, নিয়মিত পরিদর্শনের সময় স্টেশনের গঠনে প্রথম ফাটল নজরে আসে। পরে সেই সমস্যা আরও গুরুতর আকার নেয়। গত বছরের ২৮ জুলাই স্টেশনের প্ল্যাটফর্মের স্তম্ভে বড় ফাটল ধরা পড়ার পর থেকে কবি সুভাষ স্টেশনে বাণিজ্যিক পরিষেবা বন্ধ করা হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। এরপর থেকেই দক্ষিণ কলকাতার বহু যাত্রীকে বিকল্প ব্যবস্থা ও অতিরিক্ত ভিড়ের সমস্যার মুখে পড়তে হচ্ছিল।

স্টেশন পুনর্গঠনের জন্য টেন্ডার ও বরাত প্রক্রিয়া আগেই সম্পূর্ণ হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী দুর্গাপুজোর পর নভেম্বর মাসে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। প্রায় ১০ মাস বন্ধ ছিল কবি সুভাষ মেট্রো পরিষেবা।

বর্তমান বিকল্প ব্যবস্থা 

কবি সুভাষ (Kavi Subhas) ছিল ব্লু লাইনের অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন। ফলে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে বিকল্প পন্থা খোঁজার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় ট্রেন চলাচল সচল রাখতে শহিদ ক্ষুদিরাম স্টেশনে একটি রেক রিভার্সাল পয়েন্ট তৈরি করা হয়েছে। বর্তমানে সেখান থেকেই ট্রেন ঘুরিয়ে পরিষেবা চালানো হচ্ছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, পুনর্নির্মাণের সময়েও এই ব্যবস্থাই কার্যকর থাকবে। যদিও এর ফলে যাত্রীদের যাতায়াত খরচ ও সময় উভয়ই বেড়েছে। এবার আগামী দিনে নতুন সরকারের অধীনে এই মেট্রো পরিষেবা কত তাড়াতাড়ি শুরু করা হয় সেদিকেই নজর যাত্রীদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন