Aaj lndia Desk, কলকাতা: বিজেপি বিধায়ক রেখা পাত্রের (Rekha Patra) শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। ভেন্টিলেশন সাপোর্ট (Ventilation Support) থেকে বের করা হয়েছে তাঁকে। তবে আপাতত স্বস্তির খবর মিললেও সম্পূর্ণ বিপদমুক্ত নন হিঙ্গলগঞ্জের (Hingalganj) এই বিধায়ক। এখনও হাসপাতালের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বিষক্রিয়ার কারণে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলির কতটা ক্ষতি হয়েছে, তা বুঝতে একাধিক পরীক্ষা চালানো হচ্ছে।
ভেন্টিলেশন সরলেও কাটেনি উদ্বেগ
হাসপাতাল সূত্রে খবর, রবিবার থেকেই আইটিইউতে (ICU) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল রেখা পাত্রকে। তাঁর মেডিক্যাল রিপোর্টে শরীরে ফসলের কীটনাশকের উপস্থিতির উল্লেখ ছিল। বিষক্রিয়ার প্রভাব মস্তিষ্কেও পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল। পাশাপাশি দ্রুত অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিষক্রিয়ার জেরে লালারস ফুসফুসে প্রবেশ করায় শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়াতেও সমস্যা তৈরি হয়েছিল।
বর্তমানে ভেন্টিলেশন থেকে বের করা সম্ভব হলেও চিকিৎসকদের নজর রয়েছে স্নায়ুতন্ত্র, হৃদ্যন্ত্র, পরিপাকতন্ত্র এবং কিডনির কার্যকারিতার দিকে। বিষক্রিয়ার ফলে এই অঙ্গগুলির কোথাও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘমেয়াদি কোনও শারীরিক জটিলতা তৈরি হয়েছে কি না, সেটাও পর্যবেক্ষণ করা হচ্ছে।
কীভাবে অসুস্থ হলেন বিজেপি বিধায়ক?
জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রথমে তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Basirhat Super Speciality Hospital) স্থানান্তরিত করা হয়। কিন্তু প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরেও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
কী খেয়েছিলেন রেখা, বাড়ছে প্রশ্ন
রবিবার হাসপাতালে রেখাকে দেখতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, শনিবার রাতে খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন বিধায়ক। তবে ঠিক কী খাবার খেয়েছিলেন এবং কীভাবে তাঁর শরীরে কীটনাশক পৌঁছল, তা এখনও পরিষ্কার নয়। গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধানের পাশাপাশি আপাতত রেখা পাত্রের শারীরিক অবস্থার উপরেই নজর রাখছেন চিকিৎসকরা।


