Aaj India Desk, নয়া দিল্লি : বাজারে মাখন কিনতে গিয়ে যদি দোকানদার বলেন, ‘মাখন নেই’! কিংবা ঘি, পনির কিনতে গিয়ে গুনতে হয় বাড়তি টাকা? ভাবতে অবাক লাগলেও ভারতের দুগ্ধশিল্পে এমনই এক সংকটের (India Dairy Shortage) আশঙ্কা তৈরি হচ্ছে। তবে সমস্যা দুধের সামগ্রিক উৎপাদন কমে যাওয়া নয়। বরং দেশে তৈরি হচ্ছে দুধের ফ্যাট বা দুগ্ধচর্বির ঘাটতি। আর তার জেরেই চাপ বাড়ছে ঘি, মাখন, পনির ও চিজের মতো দুগ্ধজাত পণ্যের জোগান এবং দামের উপর।
বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ ভারত। গত এক দশকে দেশে দুধের মোট উৎপাদন বছরে গড়ে প্রায় ৩ শতাংশ হারে বেড়েছে। কিন্তু উৎপাদনের পরিমাণ বাড়লেও দুধের গুণগত উপাদানের ভারসাম্যে তৈরি হয়েছে সমস্যা। কারণ, দেশে মহিষের দুধের তুলনায় গরুর দুধের উৎপাদন ক্রমশ বাড়ছে। (India Dairy Shortage)
গরুর দুধে ফ্যাটের পরিমাণ মহিষের দুধের তুলনায় অনেকটাই কম। সাধারণত গরুর দুধে ফ্যাট থাকে প্রায় ৩.৫ শতাংশ। অন্যদিকে মহিষের দুধে এই পরিমাণ প্রায় ৬.৫ শতাংশ। ফলে মোট দুধের উৎপাদন বাড়লেও সেই অনুপাতে দুগ্ধচর্বির জোগান বাড়ছে না।
পরিসংখ্যান অনুযায়ী, প্রায় তিন দশক আগে দেশের মোট দুধ উৎপাদনে মহিষের অবদান ছিল প্রায় ৬০ শতাংশ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৪৫ শতাংশে। ফলে দুধের মোট উৎপাদন বাড়লেও ফ্যাটের জোগানে ঘাটতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি গরুর দুধ থেকে বেশি পরিমাণে স্কিমড মিল্ক পাউডার বা এসএমপি তৈরি হচ্ছে। অথচ সেই অনুপাতে বাজারে এসএমপির চাহিদাও বাড়ছে না। ফলে একদিকে বাড়তি দুধের গুঁড়ো তৈরি হওয়া ও অন্যদিকে দুগ্ধচর্বির ঘাটতি, এই দুই বিপরীত পরিস্থিতির মুখে পড়ছে ভারতের দুগ্ধশিল্প।
অন্যদিকে বাজারে বাড়ছে ঘি, মাখন, পনির ও চিজের চাহিদা। হোটেল, রেস্তরাঁ, খাদ্য পরিষেবা ক্ষেত্র থেকে শুরু করে খুচরো বাজার এবং দ্রুত পণ্য সরবরাহকারী সংস্থাগুলির হাত ধরে বাড়ছে এই চাহিদা। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জিএসটি হ্রাসের পরেও দুগ্ধজাত পণ্যের চাহিদা বেড়েছে। ঘি, মাখন ও চিজের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। পনিরের ক্ষেত্রে ৫ শতাংশ জিএসটি তুলে নেওয়া হয়। ফলে বাজারে চাহিদার চাপ আরও বেড়েছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবরের মধ্যে দুগ্ধশিল্প থেকে বিক্রির গড় দামে মাখনের মূল্য বেড়েছে ৫৪ শতাংশেরও বেশি। অথচ একই সময়ে স্কিমড মিল্ক পাউডারের দাম বেড়েছে প্রায় ১৮ শতাংশ।
দুধের সামগ্রিক উৎপাদন বাড়লেও তার ফ্যাটসমৃদ্ধ উপাদানের জোগান সেই অনুপাতে বাড়ছে না। আর সেই ঘাটতিই (India Dairy Shortage) ভারতের দুগ্ধশিল্পের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হয়েও ভারতকে এখন সামলাতে হচ্ছে দুগ্ধচর্বির জোগান ও চাহিদার ভারসাম্যহীনতা। আগামী দিনে এই পরিস্থিতি কতটা সামাল দেওয়া যায়, তার উপরই নির্ভর করছে ঘি, মাখন, পনিরের মতো নিত্যপ্রয়োজনীয় দুগ্ধজাত পণ্যের দাম ও জোগান।


