Aaj India Desk, নয়া দিল্লি : NEET-UG প্রশ্নফাঁস আন্দোলন ঘিরে দায়ের হওয়া FIR প্রত্যাহারের দাবিতে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হল ককরোচ জনতা পার্টি (CJP)। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পর সংগঠনের অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে কেন্দ্র আদালতকে তাদের দেওয়া আশ্বাসের কথা জানায়নি। FIR প্রত্যাহার না হলে দেশজুড়ে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে CJP।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন বিতর্ক
মঙ্গলবার সুপ্রিম কোর্ট ১৮ বছরের কম বয়সি এবং যাঁদের কোনও অপরাধমূলক অতীত নেই, এমন গ্রেফতার হওয়া ছাত্রছাত্রীদের অন্তর্বর্তী জামিন ও সুরক্ষা দেওয়ার নির্দেশ দেয়। তবে একই সঙ্গে আদালত আগের FIR এবং তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতিও বহাল রাখে। এই সিদ্ধান্তের পরই কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে CJP।
কেন্দ্রের বিরুদ্ধে কী অভিযোগ?
CJP-র দাবি, গত ২৫ জুলাই কেন্দ্র আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব পুলিশ মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির সময় কেন্দ্রের আইনজীবীরা সেই অবস্থানের কথা আদালতকে জানাননি। ফলে আদালত আগের মামলাগুলি বহাল রেখেছে বলে সংগঠনের অভিযোগ।সংগঠনের আশঙ্কা, FIR বহাল থাকায় বিভিন্ন রাজ্যে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে বিজেপি ও এনডিএ-শাসিত রাজ্যগুলিতে এই আশঙ্কা আরও বেশি বলে দাবি করেছে CJP।
CJP-র নেতা অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে লেখেন, “পুলিশ যদি এভাবে ছাত্রদের হয়রানি চালিয়ে যায়, তাহলে ককরোচ জনতা পার্টি আরও বড় আন্দোলনে নামবে। ছাত্রদের বিরুদ্ধে এই অন্যায় অবিলম্বে বন্ধ করতে হবে।” অন্যদিকে, দলের মুখপাত্র সৌরভ দাস বলেন, “২৫ জুলাই দেশের সামনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত FIR অবিলম্বে প্রত্যাহার করা উচিত।”
CJP-র দাবি, মামলা প্রত্যাহারের জন্য কেন্দ্রকে যে সময়সীমা দেওয়া হয়েছিল, তা মঙ্গলবার শেষ হয়েছে। সংগঠনের বক্তব্য, বিহার ও অসমের মতো অন্যান্য রাজ্যও যদি ইতিবাচক পদক্ষেপ নেয়, তাহলে একই পথে কেন্দ্রকেও এগোতে হবে। আদালতে যৌথ সমঝোতার শর্ত জমা দিয়ে মামলা প্রত্যাহারের উদ্যোগ না নেওয়া হলে দেশজুড়ে যুব ও ছাত্রদের নিয়ে নতুন আন্দোলনের পথে হাঁটবে তারা।


