Aaj India Desk, নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতৃত্বে হওয়া ছাত্র আন্দোলনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন পোস্টের বিষয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্য করে কিছু ‘আপত্তিকর, বিদ্বেষমূলক ও মানহানিকর’ কনটেন্ট ছড়ানো হয়েছে। এই বিষয়ে তথ্য জানতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-কে চিঠি পাঠিয়েছে পুলিশ।
দিল্লি পুলিশের পক্ষ থেকে এক্স-এর কাছে ওই সমস্ত পোস্ট ও ভিডিও দ্রুত সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এই কনটেন্ট আপলোড করা হয়েছে, সেই ব্যবহারকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, যোগাযোগের তথ্য, ই-মেল আইডি এবং নির্দিষ্ট সময়ের লগইন-লগআউট সংক্রান্ত তথ্য।
তদন্তের স্বার্থে ওই তথ্য সংরক্ষণ করার জন্যও এক্স-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও, মামলার প্রয়োজনে অতিরিক্ত তথ্য এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের ৬৩(৪) ধারার অধীনে প্রয়োজনীয় নথি বা শংসাপত্র জমা দিতে বলা হয়েছে।
এর আগে ২৭ জুলাই দিল্লি পুলিশ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে প্রধানমন্ত্রীকে নিয়ে করা আপত্তিকর ও অশালীন মন্তব্য থাকা পোস্ট এবং ভিডিও সরানোর নির্দেশ দিয়েছিল। পুলিশের অভিযোগ, দিল্লির যন্তর মন্তরে CJP-র ছাত্র আন্দোলন এবং ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির পর সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট ছড়িয়ে পড়ে।
দিল্লি পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম নিয়মিত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের উপর নজর রাখছে। কোনও আপত্তিকর বিষয় নজরে এলে সংশ্লিষ্ট সংস্থাকে নোটিস পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, ইতিমধ্যেই কয়েকটি আপত্তিকর মন্তব্য ও ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি সাইবার ও সোশ্যাল মিডিয়া টিম অনলাইন কার্যকলাপের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, CJP-এর ৩৬ দিনের আন্দোলন শেষ হওয়ার পর সংগঠনের পক্ষ থেকে ফের বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ছাত্রদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার-সহ একাধিক দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান শুরু করেছিল সংগঠনটি। সেই আন্দোলনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন পোস্টই এখন দিল্লি পুলিশের তদন্তের আওতায় রয়েছে।


