Aaj lndia Desk: ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপির অন্যতম বড় সমস্যা হল, ক্যানসার কোষ ধ্বংস করার পাশাপাশি শরীরের কিছু সুস্থ কোষও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে শুধুমাত্র টিউমার কোষকে লক্ষ্য করে কাজ করবে এমন ওষুধ তৈরির চেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে। সেই গবেষণাতেই নতুন আশার আলো দেখাল ভারতীয় বিজ্ঞানীদের একটি দল। তবে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কেমোথেরাপির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কিনা সেই চিন্তাভাবনা চলছে।
কীভাবে কাজ করবে ‘স্মার্ট’ ওষুধ?
অসমের Institute of Advanced Study in Science and Technology (IASST)-এর বিজ্ঞানী ড. আসিস বালা এবং IIT গুয়াহাটির ড. কৃষ্ণ পি. ভাভকের নেতৃত্বে গবেষণায় তৈরি হয়েছে RK-251 নামে একটি ROS-responsive prodrug। পাশাপাশি গবেষক রাহুল কেশরওয়ানি ও নিকিতা পালও এই কাজে যুক্ত ছিলেন।
ক্যানসার কোষে সাধারণত Reactive Oxygen Species বা ROS-এর মাত্রা তুলনামূলক বেশি থাকে। RK-251-এর বিশেষত্ব হল, এই বেশি ROS-এর উপস্থিতিতে ওষুধটি সক্রিয় হতে পারে। অর্থাৎ স্বাভাবিক কোষের তুলনায় ক্যানসার কোষের পরিবেশকে কাজে লাগিয়ে সক্রিয় অ্যান্টিক্যানসার উপাদানটি মুক্ত করার লক্ষ্যেই এই ওষুধ তৈরি করা হয়েছে।
ক্যানসার কোষে কী ঘটবে?
RK-251 সক্রিয় হলে NBDHEX নামের একটি শক্তিশালী GSTP1 inhibitor মুক্ত করে। GSTP1 নামে একটি প্রোটিন অনেক ক্যানসার কোষের বেঁচে থাকা ও চিকিৎসা প্রতিরোধের সঙ্গে যুক্ত। NBDHEX সেই প্রোটিনকে লক্ষ্য করে কাজ করতে পারে। একই সঙ্গে RK-251 সক্রিয় হওয়ার সময় ইনফ্রারেড ফ্লুরোসেন্সও তৈরি হয়, যা গবেষকদের ওষুধ সক্রিয় হওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণে সাহায্য করতে পারে।
ট্রিপল-নেগেটিভ স্তন ক্যানসারে আশাব্যঞ্জক ফল
প্রি-ক্লিনিক্যাল পরীক্ষায় RK-251 বিশেষ করে MDA-MB-231 ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যানসার কোষের বিরুদ্ধে কার্যকরী অ্যান্টিক্যানসার সক্রিয়তা দেখিয়েছে। গবেষণায় non-malignant বা অ-ক্যানসার কোষের তুলনায় ক্যানসার কোষের বিরুদ্ধে নির্বাচনী কার্যকারিতার ইঙ্গিতও পাওয়া গিয়েছে।
জেব্রাফিশ ভ্রূণেও পরীক্ষা
গবেষকরা developing zebrafish embryos বা Danio rerio-তেও RK-251-এর আচরণ পরীক্ষা করেছেন। সেখানে ROS-এর উপস্থিতিতে কাঙ্ক্ষিত লাল ফ্লুরোসেন্স দেখা যায় এবং গবেষণার রিপোর্টে বলা হয়েছে, পরীক্ষায় কোনও স্পষ্ট অস্বাভাবিকতা বা acute toxicity লক্ষ্য করা যায়নি। তবে মানুষের শরীরে ওষুধটির নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়েছে এমন দাবি এখনও করা যায় না।
গবেষণাটি ২০২৬ সালের ২ জুলাই Journal of Medicinal Chemistry-তে প্রকাশিত হয়েছে। তাই RK-251-কে এখনই কেমোথেরাপির বিকল্প বলা ঠিক নয় মানুষের উপর ক্লিনিক্যাল পরীক্ষা-সহ আরও একাধিক ধাপ পেরোতে হবে।


