27.3 C
Kolkata
Tuesday, October 6, 2026
spot_img

SIR-এ ‘বদল’ কে করল? সুপ্রিম কোর্টের প্রশ্নে চাপে কেন্দ্র-কমিশন, এক সপ্তাহে জবাব!

নয়াদিল্লি: SIR নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে উঠল একের পর এক গুরুতর প্রশ্ন। আর সবচেয়ে বড় প্রশ্নটা ‘ফর্ম ৬’ ঘিরে! নতুন ভোটারের নাম তোলার এই ফর্মে যদি সত্যিই কোনও বদল হয়ে থাকে, তা করল কে?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দায়ের হয়েছিল মামলা। অভিযোগের সূত্র একটি সংবাদপত্রের প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছিল, দুই নির্বাচন কমিশনারের আপত্তি উপেক্ষা করেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী ফর্ম ৬-এ নতুন শর্ত যোগ করার অভিযোগও ওঠে।

তবে শুধু সংবাদপত্রের খবরের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে নারাজ সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, সংবাদপত্রের প্রতিবেদন পুরোপুরি ঠিকও হতে পারে, আংশিক ঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। তাই আগে সত্যিটা যাচাই করতে হবে।

আর সেই কারণেই কেন্দ্র এবং নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে আদালত। এক সপ্তাহের মধ্যে জানাতে হবে, ফর্ম ৬-এ কোনও পরিবর্তন করা হয়েছিল কি না। আর হয়ে থাকলে, কার নির্দেশে? আদালতের বক্তব্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তদন্তে যদি দেখা যায়, কোনও ক্ষেত্রে আইন মানা হয়নি, তাহলে সেই সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা আদালতের রয়েছে।

ফলে এখন নজর কমিশনের জবাবের দিকে। কারণ প্রশ্নটা শুধু একটি ফর্মের নয়। SIR-এর গোটা প্রক্রিয়ায় কোথাও নিয়ম ভাঙা হয়েছিল কি না, সেটাই এবার খতিয়ে দেখছে দেশের শীর্ষ আদালত। আর সেই উত্তর সামনে এলে ভোটার তালিকা থেকে শুরু করে ভোটপ্রক্রিয়া, কতটা প্রভাবিত হতে পারে, তা নিয়েই বাড়ছে জল্পনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন