Aaj India Desk, নয়া দিল্লি : প্রতিবাদের মঞ্চে নির্বাচন কমিশনকে ঘিরে প্রশ্নের মাঝেই সামনে এল আরও গুরুতর অভিযোগ। যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন মহিলা সাংবাদিকদের (Women Journalists Harassment) সঙ্গে দিল্লি পুলিশের অভব্য আচরণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তিন মহিলা সাংবাদিকের অভিযোগ ইতিমধ্যেই গ্রহণ করে তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়েছে দিল্লি পুলিশ। আর এই ঘটনাতেই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাব চেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
SIR নিয়ে CEC জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর থেকে যন্তর মন্তরের কাছে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভ কভার করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভব্য আচরণ ও যৌন হেনস্থার অভিযোগ তোলেন তিন মহিলা সাংবাদিক। এক সাংবাদিকের দাবি, ঘটনাটি ঘটেছিল তিনি পুলিশের পদক্ষেপ ক্যামেরাবন্দি করার সময়। আরেক মহিলা সাংবাদিকের অভিযোগ, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে প্রথমে তা গ্রহণ করা হয়নি।
এই অভিযোগগুলি সমাজ মাধ্যমে সামনে আসার পর দিল্লি পুলিশ জানায়, নিউ দিল্লি জেলা পুলিশ তিন মহিলা সাংবাদিকের (Women Journalists Harassment) অভিযোগ গ্রহণ করেছে। নিরপেক্ষ তদন্তের জন্য সেগুলি ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগকারীদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির বক্তব্যও নথিভুক্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়।
ঘটনা প্রকাশ্যে আসার পর রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, মহিলা সাংবাদিক অভিযোগ জানানোর পরও FIR দায়ের করতে দেরি হয়েছে। পাশাপাশি বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের সঙ্গে পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন হওয়ায় অমিত শাহের কাছেও জবাব দাবি করেন রাহুল। এই ঘটনায় ককরোচ জনতা পার্টি এবং AISA-ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাদের দাবি, বিক্ষোভে অংশ নেওয়া মহিলা, সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে একাধিক অভিযোগ এসেছে। (Women Journalists Harassment)
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে এমনিতেই রাজনৈতিক চাপানউতোর চলছে। তার মধ্যেই বিক্ষোভস্থলে মহিলা সাংবাদিকদের হেনস্থার অভিযোগ নতুন করে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন নজর থাকবে ক্রাইম ব্রাঞ্চের তদন্ত এবং অভিযোগগুলির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের দিকে।


