Aaj India Desk,নয়াদিল্লি: দিল্লির রাজনৈতিক মহলে সোমবার দিনভর নাটকীয় ঘটনার পর সন্ধ্যায় বীরভূমের চার বারের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)- এর বাড়িতে বসতে চলেছে এক বিশেষ চা-চক্র।
সূত্রের খবর, তৃণমূলের একাংশের সাংসদদের নিয়ে এই বৈঠককে ঘিরে জোর রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, শতাব্দী রায়, আবু তাহের, খলিলুর রহমান ও অসিত মাল নিজেদের বিভিন্ন সাংগঠনিক সমস্যার কথা তুলে ধরেছেন। সেই সমস্যাগুলির সমাধান নিয়ে আলোচনা করতেই দিনভর একাধিক বৈঠক হয়েছে। এরপর নতুন একটি পৃথক সাংসদ গোষ্ঠী তৈরির ফর্মুলা চূড়ান্ত হওয়ার পর শতাব্দী রায়ের বাসভবনে এই অনানুষ্ঠানিক আড্ডার আয়োজন করা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
এই চা-চক্রে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও নতুন ব্লকের গুরুত্বপূর্ণ মুখ কাকলি ঘোষ দস্তিদার, বাপি হালদার, পার্থ ভৌমিক ও জুন মালিয়ার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
শতাব্দী রায়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, অতিথিদের জন্য ভেজ ও নন-ভেজ দু’ধরনের স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে থাকবে গরম চা ও মিষ্টির আয়োজন। শতাব্দীর অতিথি আপ্যায়নের সুনাম বহুদিনের। তাই এই বৈঠকেও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।


