Aaj India Desk, নয়া দিল্লি : রাজ্যের নির্বাচনী ধাক্কার পর সোমবার দিল্লিতে চলতি বছরের তৃনমূল কংগ্রেসের সাথে প্রথম বৈঠকে বসে বিরোধী ইন্ডি জোট (INDIA Alliance)। রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত ওই বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-সহ মোট ২৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে আগামী দিনে আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবে INDIA জোট।
SIR ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠির সিদ্ধান্ত
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রসঙ্গ। বিহার ও পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে এই প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিরোধী দলের আপত্তির বিষয়টি আলোচনায় উঠে আসে। SIR প্রক্রিয়ায় অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দেবে বলে জানিয়েছে ইন্ডি (INDIA Alliance) জোট।
NEET ও CBSE মূল্যায়ন নিয়ে কেন্দ্রকে তোপ
শিক্ষা সংক্রান্ত বিষয়ও বৈঠকে গুরুত্ব পায়। NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং CBSE পরীক্ষার OSM পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন নিয়ে ছাত্রছাত্রীদের অসন্তোষের প্রসঙ্গ তোলা হয়। এই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট।
অর্থনীতি ও বেকারত্ব নিয়ে সর্বদল বৈঠকের দাবি
দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং কৃষকদের সমস্যা নিয়ে জরুরি ভিত্তিতে সর্বদল বৈঠক ডাকার দাবি জানানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। এই বিষয়ে যৌথভাবে চাপ তৈরির কৌশল নিয়েছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)।
নিয়মিত বৈঠকে জোর
জোটের সাংগঠনিক সমন্বয় বাড়াতে প্রতি দুই মাস অন্তর বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী বৈঠক আগামী ৮ আগস্ট হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।আসন্ন মনসুন অধিবেশনে প্রতিদিন সকালে INDIA জোটভুক্ত দলগুলির বৈঠক হবে। সংসদে বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রেখে কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়গে বলেন, “বিরোধী দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক শেষ হয়েছে। সবাই নিজেদের মতামত জানিয়েছেন। পাঁচটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি এবং এগুলি নিয়ে আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
উল্লেখযোগ্যভাবে, এই জোটের বৈঠক চলাকালীনই বিধানসভার ধাঁচে লোকসভায় তৃণমুলের অভ্যন্তরেই ভাঙন ঘটে। দলের এই দুঃসময়ে INDIA জোটের বৈঠকে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও তিনি সরাসরি কোনো বার্তা দেননি।


