Aaj India Desk, মুম্বই : বলিউডে কাজের অভাব এবং শারীরিক অসুস্থতার কারণে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন জ্যোতি বসুর নাত জামাই এবং অভিনেতা শরদ কাপুর (Sharad Kapoor)। তবে তাঁর আর্থিক ও শারীরিক সংকটের কথা প্রকাশ্যে আসতেই এবার তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। শাহরুখ খান, সালমন খান, সোনু সুদ, জাভেদ আখতার এবং রাজপাল যাদব-সহ ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ তাঁর সঙ্গে যোগাযোগ করে সাহায্যের আশ্বাস দিয়েছেন।
কেনো এমন কঠিন পরিস্থিতি ?
একসময় বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন শরদ কাপুর (Sharad Kapoor)। তবে বর্তমানে তাঁর হাতে বিশেষ কোনও কাজ নেই। পাশাপাশি শারীরিক সমস্যার কারণেও ভুগছেন তিনি। এই কারণেই বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন অভিনেতা। এই পরিস্থিতিতে কাজের সুযোগ চেয়ে সম্প্রতি চলচ্চিত্র জগতের সহকর্মীদের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি।
পাশে দাঁড়ালেন শাহরুখ-সলমন
শরদ কাপুরের (Sharad Kapoor) সেই আবেদনে সাড়া দিয়েছেন বলিউডের একাধিক তারকা। সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেতা জানান, শাহরুখ খান, সালমন খান, সোনু সুদ, জাভেদ আখতার এবং রাজপাল যাদবের মতো ব্যক্তিত্বরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। শরদের কথায়, ইন্ডাস্ট্রির ছোট-বড় বহু মানুষ তাঁর খোঁজ নিয়েছেন। প্রয়োজন হলে সবরকম সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তাঁরা। বন্ধু আরমান কোহলিও তাঁর পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।
এর আগে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল, শরদ কাপুরকে আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছেন সালমন খান। অন্যদিকে, অভিনেতা সোনু সুদের সঙ্গেও যোগাযোগ হয়েছে শরদের। তাঁদের সাক্ষাতের একটি ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। শরদের দাবি, তাঁর চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি বাড়ি রং করিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন সোনু সুদ। কয়েকজন সাংবাদিক বন্ধুও পরিচিত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছেন।
কাজের অভাব ও শারীরিক সমস্যার মধ্যে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন শরদ, তখন সহকর্মীদের এই সহযোগিতা তাঁর কাছে বড় ভরসা হয়ে উঠেছে।


