Aaj India Desk, কলকাতা : একসময় বন্দরকর্মী ও তাঁদের পরিবারের বিনামূল্যে চিকিৎসার অন্যতম ভরসা ছিল এই হাসপাতাল (Kolkata Port Hospital)। অভিযোগ, কর্মীদের এক মাসের বেতনের অর্থ এবং পোর্ট ট্রাস্টের দেওয়া জমিতে গড়ে উঠেছিল হাসপাতালটি। কিন্তু মে মাসে বিজেপি সরকার আসার পর থেকেই বদলে গিয়েছে তার পরিচালন ব্যবস্থা। চিকিৎসক থেকে নার্স, ফার্মাসিস্ট থেকে চতুর্থ শ্রেণির কর্মীদের কাজের দায়িত্বও বদলে দেওয়া হয়েছে। কয়েকজন চিকিৎসককে বদলি করা হয়েছে হলদিয়ায়। অন্যদিকে, হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বেসরকারি সংস্থার হাতে যাওয়ায় বিপাকে পড়েছেন কর্মী ও অবসরপ্রাপ্তদের একাংশ।
মাঝেরহাটে মিন্টের পাশে অবস্থিত কলকাতা পোর্ট হাসপাতালের (Kolkata Port Hospital) প্রথম নাম ছিল সেন্টেনারি হাসপাতাল। কর্মীদের দাবি, প্রায় ১০০ বছর আগে কলকাতা পোর্ট ট্রাস্টের উদ্যোগে এই হাসপাতাল তৈরি হয়। কর্মচারীদের এক মাসের বেতনের অর্থ এবং পোর্ট ট্রাস্টের দেওয়া জমিতে গড়ে উঠেছিল চিকিৎসাকেন্দ্রটি।
চিকিৎসক-নার্সদের কাজ বদলের অভিযোগ
কর্মীদের অভিযোগ, বর্তমানে হাসপাতালের (Kolkata Port Hospital) চিকিৎসা ও কর্মী ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এসেছে। কয়েকজন চিকিৎসককে হলদিয়ায় বদলি করা হয়েছে। নার্সিং স্টাফদের কেউ হাইড্রলিক, কেউ ভিজিল্যান্স, আবার কেউ পরিকল্পনা ও হিসাব বিভাগে কাজ করছেন। এমনকী, জিএনএম প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদেরও করণিকের দায়িত্ব দেওয়া হয়েছে। ফার্মাসিস্টদের অন্য বিভাগে পাঠানো এবং চতুর্থ শ্রেণির কর্মীদের নিরাপত্তারক্ষীর কাজে নিয়োগের অভিযোগও উঠেছে। চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই করা হয়েছে।
৩৫ হাজার অবসরপ্রাপ্ত কর্মীর চিকিৎসা নিয়ে প্রশ্ন
সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। কর্মীদের দাবি, হাসপাতালের পরিষেবা চার্নক হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়েছে। আগে যেখানে কর্মী ও তাঁদের পরিবার বিনামূল্যে চিকিৎসা পেতেন, এখন সেই সুযোগ কার্যত বন্ধ। প্রায় ৩৫ হাজার অবসরপ্রাপ্ত কর্মীকে চিকিৎসার জন্য বিপুল অঙ্কের বিল দিতে হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে কর্মীদের অধিকারের পক্ষে সিপিএম এবং তৃণমুলের কর্মচারী সংগঠন আন্দোলন শুরু করলেও প্রশাসন তা কড়া হাতে দমন করে!
একসময় কর্মীদের আর্থিক সহযোগিতায় তৈরি হওয়া হাসপাতালের পরিষেবা ও ভবিষ্যৎ নিয়ে এখন উঠছে একাধিক প্রশ্ন। বিশেষ করে, কয়েক দশক ধরে এই হাসপাতালের উপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের পরিবারের চিকিৎসার অধিকার কতটা সুরক্ষিত সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।


