Aaj India Desk, কলকাতা: আরজি কর (R G Kar) কাণ্ডে ফের নতুন মোড়। তথ্যপ্রমাণ ও নথি নষ্টের অভিযোগের তদন্তে সিবিআইয়ের (CBI) দেওয়া রিপোর্টে খুশি নয় কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চ। আদালতের মতে, প্রমাণ লোপাটের ঘটনায় এখনও বেশ কিছু তথ্য সামনে আসেনি। তাই এই বিষয়ে আরও বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে নতুন রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
শুক্রবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে আরজি কর হাসপাতালে তথ্যপ্রমাণ ও নথি নষ্টের অভিযোগ ওঠার পর সিবিআই কী কী পদক্ষেপ করেছে। সেই সমস্ত বিষয় আদালতের সামনে তুলে ধরতে হবে।
বিচারপতি শম্পা সরকারও স্পষ্ট করে দেন, শুধু নির্যাতিতার পরিবারের অভিযোগ নয়, প্রমাণ নষ্টের অভিযোগও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে চায় আদালত। এই সংক্রান্ত বিষয়ে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে প্রয়োজনীয় তথ্যের অভাব রয়েছে বলে মনে করছে ডিভিশন বেঞ্চ। সেই কারণেই আরও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।
নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায় জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে। তাঁদের বক্তব্য, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর ঘটনাকে ঘিরে যত অভিযোগ সামনে এসেছে, সেগুলির প্রতিটিই তদন্তের আওতায় এনে খতিয়ে দেখার কথা বলেছে আদালত।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুনের এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। এই ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল। এরপর ১৪ ও ১৫ অগস্টের রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই সময় অপরাধস্থলের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ ঠিকভাবে সংরক্ষণ করা হয়েছিল কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।
এছাড়াও, নির্যাতিতার দেহ তাড়াহুড়ো করে দাহ করা হয়েছিল বলে অভিযোগ তোলে পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছিল নির্যাতিতার পরিবার। এবার প্রমাণ নষ্টের অভিযোগে সিবিআইয়ের রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে আরও বিস্তারিত তথ্য চাইল কলকাতা হাইকোর্ট।


