22 C
Kolkata
Friday, November 20, 2026
spot_img

বামেদের বুকস্টলে গেরুয়া চমক! মার্ক্স-লেনিন নয়, সবচেয়ে বেশি বিক্রি শ্যামাপ্রসাদ?

কলকাতা: বইপাড়া কলেজ স্ট্রিট! যেখানে পাতা ওল্টানোর শব্দ শোনা যায়, সেখানে গত দু’দিন ধরে শোনা গেল বোমা ফাটার আওয়াজ! বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে মুখোমুখি SFI ও ABVP (SFI Bookstall)। কোথাও স্লোগান, কোথাও ধস্তাধস্তি, কোথাও উড়ে এল ডিম, ঢিল, এমনকী চকোলেট বোমাও! বই বিক্রির জায়গা ঘিরে কার্যত রণক্ষেত্র কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর। কিন্তু এই রাজনৈতিক সংঘাতের মধ্যেই এমন এক ঘটনা ঘটল, যা নিয়ে এখন চর্চা তুঙ্গে। SFI-এর বুকস্টলে সবচেয়ে বেশি বিক্রি হল মার্ক্স কিংবা লেনিনের বই নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বই!

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে তিন দিনের ‘সংগ্রামী বইপত্র’ কর্মসূচির আয়োজন করেছিল SFI। কিন্তু স্টল (SFI Bookstall) বসানো নিয়ে পুলিশের বাধার অভিযোগ ওঠে। পুলিশের দাবি ছিল, প্রয়োজনীয় অনুমতি এবং যান চলাচলের বিষয়টি নিয়ে সমস্যা রয়েছে। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান SFI কর্মীরা। আটকও করা হয় সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ ৩১ জনকে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার ফের নতুন করে উত্তেজনা ছড়ায়। SFI স্টলের উলটোদিকে বইয়ের স্টল (SFI Bookstall) বসানোর দাবি তোলে ABVP। দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা, পরে তা গড়ায় সংঘর্ষে। একে অপরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও উসকানির অভিযোগ তোলে দুই ছাত্র সংগঠনই। পরিস্থিতি সামাল দিতে ব্যারিকেড করে পুলিশ। প্রায় দু’ঘণ্টা ব্যাহত হয় কলেজ স্ট্রিটের যান চলাচল। শেষ পর্যন্ত দু’পক্ষই আলাদা স্টল বসায়।

তবে এত অশান্তির মধ্যেও বই বিক্রিতে ভাটা পড়েনি। বরং SFI সূত্রে খবর, তাদের স্টলে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে লেখক আশিস লাহিড়ীর ‘ইতিহাসের আলো-অন্ধকারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়’ বইটি। অর্থাৎ যে শ্যামাপ্রসাদকে ঘিরে রাজনৈতিক তরজা, তাঁর উপর লেখা বই-ই বামেদের স্টলে (SFI Bookstall) বেস্টসেলার!

SFI-এর বক্তব্য, ইতিহাসকে তথ্যের ভিত্তিতে বিচার করতেই এই বই পড়া উচিত। অন্যদিকে ABVP-র কটাক্ষ, এতদিন বাংলার আইকনকে উপেক্ষা করেছে বামেরা, এখন তাঁর বই বিক্রি করেই আগ্রহ দেখাচ্ছে। সব মিলিয়ে কলেজ স্ট্রিটে বইয়ের লড়াই এখন শুধু স্টল দখলের নয়, মতাদর্শেরও। তবে শেষ পর্যন্ত জয় কার? রাজনৈতিক স্লোগানের, নাকি বইয়ের পাতার? আপাতত আলোচনার কেন্দ্রে সেই শ্যামাপ্রসাদের বই!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন