Aaj India Desk, পুরুলিয়া: ঝালদা (Jhalda) পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা (Congress Councillor Tapan Kandu) মামলার অন্যতম অভিযুক্ত কলেবর সিংয়ের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। এই মামলায় বিচারাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা এটি দ্বিতীয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরে আর এক অভিযুক্ত সত্যবান প্রামাণিকেরও মৃত্যু হয়েছিল।
পুলিশ সূত্রের খবর, ৫৮ বছর বয়সি কলেবর সিং গত প্রায় চার মাস ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি পুরুলিয়া জেলা সংশোধনাগারে বন্দি ছিলেন। অসুস্থতা বাড়তে থাকায় তাঁকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট করা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে ময়নাতদন্তের পর মঙ্গলবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
কলেবর সিংয়ের স্ত্রী প্রতিমা জানিয়েছেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আদালতে জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। তাঁর কথায়, “আমার স্বামী এই ঘটনায় সত্যিই জড়িত ছিলেন কি না, তা আমি জানি না। তবে তাঁর মৃত্যুর জন্য আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ বা দাবি নেই।”
প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় ঝালদা শহরের ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু বন্ধুদের সঙ্গে হাঁটতে বের হলে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ড ঘিরে তৎকালীন সময়ে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল।
প্রথমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত শুরু করে। তদন্তে ঝাড়খণ্ডের বোকারো জেলার জরিডি থানা এলাকার গাইচাঁদ গ্রামের বাসিন্দা কলেবর সিংকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি ছিল, তিনি টাকা নিয়ে ভাড়াটে খুনি হিসেবে এই ঘটনায় যুক্ত ছিলেন। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তদন্ত শেষে সিবিআই পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দেয়। তাঁদের মধ্যে ছিলেন কলেবর সিং, দীপক কান্দু, নরেন কান্দু, মহম্মদ আশিক এবং সত্যবান প্রামাণিক।
বর্তমানে এই মামলার দুই অভিযুক্ত নরেন কান্দু ও দীপক কান্দু উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত রয়েছেন। আর বিচারপ্রক্রিয়া চলাকালীন দুই অভিযুক্ত—সত্যবান প্রামাণিক ও কলেবর সিংয়ের মৃত্যু হয়েছে।


