Aaj India Desk, চেন্নাই: নবজাতকের জন্মের পর এবার সরকারের তরফে মিলবে বিশেষ উপহার—এক গ্রাম ওজনের সোনার আংটি (Gold Ring)। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের (CM Vijay) নেতৃত্বাধীন সরকার এই নতুন প্রকল্প চালু করতে চলেছে। আগামী ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই প্রকল্প (Scheme)।
প্রথম ধাপে প্রায় ১ লক্ষ ২৮ হাজার সোনার আংটি প্রস্তুত করা হয়েছে। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদেরই এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রতিটি আংটির ওজন হবে এক গ্রাম এবং আংটিতে থাকবে আলাদা একটি সিরিয়াল নম্বর। নিরাপত্তার জন্য সেগুলি বিশেষ তাপরোধী বা ট্যাম্পার-প্রুফ প্যাকেজিংয়ে রাখা হবে।
সরকারি তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া যোগ্য নবজাতকদেরও প্রথম পর্যায়ের সুবিধার আওতায় রাখা হয়েছে। তবে এই সুবিধা পেতে তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত রয়েছে।
এই প্রকল্পটি অবশ্য হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত নয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজয়ের দল টিভিকে-র অন্যতম প্রতিশ্রুতি ছিল নবজাতকদের জন্য সোনার আংটি দেওয়ার এই উদ্যোগ। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবে রূপ পেতে চলেছে। পুরো এক বছরের জন্য এই প্রকল্পে ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বছরে প্রায় ৪ লক্ষ ৪১ হাজার ৬৬৭টি এক গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার আংটি দেওয়ার পরিকল্পনা রয়েছে।


