Aaj India Desk, কলকাতা: রাজনীতির ময়দানে তিনি বরাবরই পরিচিত একজন প্রভাবশালী নেতা হিসেবে। তৃণমূল কংগ্রেসে (TMC) থাকাকালীন হোক বা পরে বিজেপি (BJP)-তে যোগ দেওয়ার সময়, সব সময়ই নিজের দৃঢ় অবস্থানের জন্য আলোচনায় থেকেছেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। গত বছর চাকরি হারানো কয়েকজন আন্দোলনকারী তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখালে তিনি কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, “আমার এলাকায় আমার গাড়ি আটকে দিলে কেউ কিন্তু আদর করবে না।” সেই মন্তব্য নিয়েও যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।
এবার সেই সব্যসাচী দত্তই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে এক ব্যবসায়ী কোটি টাকার তোলাবাজি, প্রাণনাশের হুমকি এবং মানসিকভাবে হেনস্থার অভিযোগ করেছেন। ওই অভিযোগের ভিত্তিতেই সোমবার গভীর রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের পরেও নিজের অবস্থান থেকে একচুলও সরেননি সব্যসাচী। সংবাদমাধ্যমের সামনে তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এক কোটি কেন, চাইলে ১০০ কোটির অভিযোগও করতে পারে। যদি প্রমাণ করতে পারে যে আমি কোনও দিন এক টাকাও নিয়েছি, তাহলে আমাকে ফাঁসি কাঠে তুলে দেওয়া হোক।”
শুধু অভিযোগ অস্বীকারই নয়, তিনি পাল্টা দাবি করেন যে অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী অতীতে নিজেই আইনি সমস্যায় পড়েছিলেন। সব্যসাচীর বক্তব্য, ২০১৮ সালে ওই ব্যবসায়ী গ্রেফতার হওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা এবং পরিচিত কয়েকজন তাঁর কাছে সাহায্যের আবেদন নিয়ে এসেছিলেন, যাতে জামিনের ব্যবস্থা করা যায়। এই অভিযোগের পিছনে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসা রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে সব্যসাচী স্পষ্টভাবে বলেন, “অবশ্যই রয়েছে।”
উল্লেখ্য, সোমবার বিকেলে ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী বিধাননগর উত্তর থানায় সব্যসাচী দত্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর কাছ থেকে প্রায় এক কোটি টাকা তোলা আদায় করা হয়েছিল। সেই অভিযোগের তদন্ত শুরু করেই পুলিশ গ্রেফতারের পদক্ষেপ নেয়।


