কলকাতা: ভাই জেলে, দাদা উধাও! পুলিশের জ্বালে বিশ্বাস ব্রাদার্স! একজনকে ধরা গেলেও অন্যজন যেন ‘মিস্টার ইন্ডিয়া’। আদালতের রক্ষাকবচ না মেলায় সোমবার দুপুরে গ্রেফতার হওয়া অরূপের ভাই স্বরূপ বিশ্বাসকে নিয়ে নিউ আলিপুরের সাহাপুরে অরূপের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। কিন্তু সেখানে ছিলেন না রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তাঁর ফ্ল্যটে বেশ কিছুক্ষণ তল্লাশি চালায় পুলিশ। এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বিধাননগর পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অরূপ বিশ্বাসের ফোন সুইচড অফ। টাওয়ার লোকেশনও মিলছে না। গ্রেফতারির ভয়ে যেন গায়েব হয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পুলিশের অনুমান, সবগুলি ফোন বন্ধ করে শহরেরই কোথাও আত্মগোপন করে আছেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। মেসি ইভেন্টের অব্যবস্থাপনা মামলায় আইনি চাপ ক্রমশ বাড়ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপর।
তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর আগাম জামিন চেয়ে বারাসত আদালতের দ্বারস্থ হন তিনি। সেই আবেদনের শুনানি আগামী ২২ জুলাই। তবে এর মধ্যেই কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে যাওয়ায়, আইনজ্ঞদের একাংশের মতে অরূপের (Arup Biswas) গ্রেপ্তার এখন শুধু সময়ের অপেক্ষা।
শনিবার বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে নিউ আলিপুরের বাড়িতে নোটিস পাঠিয়ে সোমবার সকাল ১১টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু বিকেল পর্যন্ত থানায় যাননি অরূপ। এর আগেও গত ৪ জুন হাজিরার জন্য নোটিস দিয়েছিল পুলিশ। তখন আইনজীবীর মাধ্যমে অতিরিক্ত ১৪ দিনের সময় চেয়ে আবেদন করেছিলেন তিনি। যদিও সেই আবেদন খারিজ করে ফের নতুন নোটিস পাঠায় পুলিশ।


