Aaj India Desk,নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মাননা প্রদান অনুষ্ঠানে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক (Alka Yagnik)। তবে সম্মান নিতে গিয়ে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।
ভিডিওতে দেখা যায়, নিজের নাম ঘোষণার পর ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন অলকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে প্রণাম করার পর ফেরার সময় তাঁকে নিরাপত্তারক্ষীদের সাহায্য নিতে দেখা যায়। সেই দৃশ্য সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন ওঠে, তাঁর শারীরিক অবস্থা কি আরও খারাপ হয়েছে?
এই জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন অলকা। সেখানে তিনি জানান, গত প্রায় দুবছর ধরে তিনি একটি কঠিন স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছেন। সেই কারণেই দীর্ঘদিন জনসমক্ষে আসা প্রায় বন্ধ করে দিয়েছিলেন।
অলকা লেখেন, “আপনারা জানেন, আমি জীবনের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এই সময়ে অনুরাগীদের ভালোবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছাই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে।” তিনি আরও জানান, পদ্মভূষণ তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি।
তার কথায়, এই সম্মান শুধু তাঁর একার নয়। যাঁরা বছরের পর বছর তাঁর গান শুনেছেন, ভালোবেসেছেন এবং তাঁর সঙ্গীতকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এই পুরস্কার তাঁদেরও। তিনি লেখেন, “পুরস্কারে আমার নাম থাকলেও এর প্রকৃত অংশীদার আমার শ্রোতারাই।”
২০২৪ সালে অলকা জানিয়েছিলেন, একটি বিমানযাত্রার পর আচমকাই তাঁর শ্রবণশক্তিতে সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসকরা জানান, তিনি একটি বিরল স্নায়ুজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। সেই কারণেই দীর্ঘদিন মঞ্চ ও রেকর্ডিংয়ের কাজ থেকে দূরে থাকতে হয় তাঁকে।
তবে শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করেও দেশের অন্যতম সেরা নাগরিক সম্মান গ্রহণ করে অনুরাগীদের নতুন করে সাহস ও অনুপ্রেরণার বার্তা দিলেন অলকা ইয়াগনিক। তাঁর কথাতেই স্পষ্ট, লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু তিনি হার মানতে রাজি নন।


