Aaj India Desk, ভোপাল: পরিবারের সঙ্গে বাড়ির উঠোনে বসে আগুন পোহাচ্ছিলেন এক যুবক। এমন সময় সেখানে আসেন এক প্রতিবেশী। কথাবার্তার মাঝেই তাঁর হাতে একটি রসগোল্লা (Rasgulla) তুলে দেন ওই ব্যক্তি। কিন্তু মিষ্টি ভেবে সেটিতে কামড় দিতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ (Explosion)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। মৃত্যু হয়েছে ৩৫ বছরের যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ডিন্ডোরি জেলার পাদারিয়া ছান্তা গ্রামে।
মৃতের নাম রাজেন্দ্র বারৌতিয়া। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। রাতে খাওয়াদাওয়া সেরে পরিবারের লোকজনের সঙ্গে বাড়ির উঠোনে আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। সেই সময় সেখানে আসেন তাঁর প্রতিবেশী রামভগত বারৌতিয়া। আগুনের পাশে বসে দু’জনে গল্প করছিলেন। অভিযোগ, কথার ফাঁকেই রাজেন্দ্রর হাতে একটি মিষ্টি তুলে দেন রামভগত। সেটিকে রসগোল্লা বলে খেতে বলেন তিনি।
কিন্তু রাজেন্দ্র মিষ্টিটিতে কামড় দিতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে তাঁর মুখ ও চোয়াল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা দেরি না করে একটি অটোয় করে তাঁকে ডিন্ডোরি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত মৃত্যু হয় রাজেন্দ্রর।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মিষ্টির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল বুনো শুয়োর শিকারের কাজে ব্যবহৃত একটি দেশি বিস্ফোরক। সেটিতে কামড় দেওয়ার ফলেই বিস্ফোরণ ঘটে বলে অনুমান তদন্তকারীদের। ঘটনায় অভিযুক্ত রামভগত বারৌতিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ডিন্ডোরি কোতোয়ালি থানার ইনস্পেক্টর দুর্গা প্রসাদ নাগপুরে জানিয়েছেন, পরিবারের সঙ্গে বসে আগুন পোহানোর সময় রাজেন্দ্রর কাছে এসেছিলেন অভিযুক্ত। এরপর কথাবার্তার মধ্যেই তাঁকে মিষ্টির নামে বিস্ফোরকটি দেওয়া হয়। রাজেন্দ্র সেটিতে কামড় দিতেই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। কী উদ্দেশ্যে রাজেন্দ্রকে ওই বিস্ফোরক দেওয়া হয়েছিল, কোথা থেকে সেটি সংগ্রহ করা হয়েছিল এবং এর পিছনে অন্য কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, কিছু এলাকায় বুনো শুয়োর শিকারের জন্য ‘পিগ বম্ব’ নামে পরিচিত দেশি বিস্ফোরক ব্যবহারের অভিযোগ রয়েছে। এই ধরনের বিস্ফোরক থেকে গুরুতর দুর্ঘটনা এমনকী প্রাণহানিও ঘটতে পারে। তবে রাজেন্দ্রর মৃত্যুর ঘটনায় ঠিক কী কারণে এই বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


