28.3 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

উত্তরবঙ্গের উন্নয়নে বড় রোডম্যাপ, শিলিগুড়ি থেকে কী কী ঘোষণা করলেন অগ্নিমিত্রা?

Aaj lndia Desk,শিলিগুড়ি: উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের নগরোন্নয়ন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকের পর তিনি জানান, এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং উত্তরবঙ্গের পরিকাঠামো, নাগরিক পরিষেবা ও পরিবেশের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করাই মূল লক্ষ্য।

মন্ত্রী জানান, শিবমন্দির এলাকায় নতুন পুরসভা গঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ডাবগ্রাম-ফুলবাড়িকেও পুরসভার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কোচবিহারে প্রায় ৩০ কোটি টাকার ব্যয়ে আধুনিক জলনিকাশি প্রকল্প বাস্তবায়িত হবে। একইসঙ্গে শহরাঞ্চলে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মের বাসস্টপ নির্মাণ করা হবে। সেখানে ডিজিটাল বাস-তথ্য প্রদর্শন, মোবাইল চার্জিং, বসার ব্যবস্থা, নবজাতকের পরিচর্যার টেবিল এবং হ্যাঙ্গিং গার্ডেনের মতো সুবিধা থাকবে।

জলপাইগুড়ি জেলার পাঁচটি গ্রাম পঞ্চায়েতে নতুন জলপ্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। দুর্গাপুজোর আগেই কোচবিহারের মদনমোহন, ভ্রামরীদেবী এবং জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে সংস্কার ও উন্নয়নের কাজ শুরু হবে। পাশাপাশি মিরিক লেক ও তার সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন করা হবে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক ও শিলিগুড়িতে ট্র্যাফিক ব্যবস্থা, পানীয় জল সরবরাহ এবং নিকাশি পরিকাঠামোর উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দার্জিলিংয়ের সিঞ্চল লেক প্রকল্পও শেষ পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী। প্রকল্পটি সম্পূর্ণ হলে পাহাড়ে পানীয় জলের সংকট অনেকটাই কমবে বলে প্রশাসনের আশা।

অগ্নিমিত্রা পাল জানান, আগামী পাঁচ বছরে নগর সবুজায়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার, প্রকাশ্যে থুতু ফেলা এবং জনসমক্ষে নোংরা করলে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। নাগরিক সমস্যার দ্রুত সমাধানের জন্য চালু হয়েছে ‘স্বচ্ছ’ অ্যাপ। কোথাও জল জমা, আবর্জনা বা অন্য কোনও সমস্যা দেখা দিলে বাসিন্দারা ছবি আপলোড করলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ১,৬৯৮ কোটি টাকার প্রকল্পে রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। ধাপে ধাপে সোলার প্যানেল বসানোর পাশাপাশি ভুট্টা ও আনারসের তন্তু দিয়ে পরিবেশবান্ধব ব্যাগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্লাস্টিকের বোতল জমা দিলে মাত্র ১ টাকার বিনিময়ে সেই ব্যাগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এছাড়া যাঁদের নিজস্ব জমি থাকলেও আর্থিক কারণে বাড়ি নির্মাণ সম্ভব হচ্ছে না, তাঁদের সরকারি সহায়তায় আবাসন প্রকল্পে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। শিলিগুড়িতে ওয়ান-সাইড পার্কিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও এদিন ঘোষণা করেন মন্ত্রী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন