কলকাতা: জমি প্রতারণা-সহ একাধিক মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy) আপাতত গ্রেফতার করা যাবে না। বৃহস্পতিবার এই মামলায় এমনটাই জানালো সুওরিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল।
তবে একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, সুমিত রায়কে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। জমি-দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায় (Sumit Roy)।
শুনানিতে সুমিত রায়ের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন। তিনি আদালতকে জানান, তাঁর মক্কেল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং তদন্তে কোনও ধরনের অসহযোগিতা করা হবে না। অন্যদিকে, প্রথম থেকেই সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে সওয়াল করেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতে বলেন, “এই মামলায় কাস্টডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন।”
তুষার মেহতার এই বক্তব্যের জবাবে বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, “আশা করি আপনি বলতে চাইছেন না যে সমস্যা পুলিশের।” এরপর সলিসিটর জেনারেল আদালতে দাবি করেন, যখনই তদন্তকারী সংস্থা সুমিত রায়কে (Sumit Roy) গ্রেফতার করার চেষ্টা করেছে, তখনই বাধার মুখে পড়তে হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একসময় সেই গ্রেফতারি রুখেছিলেন। এই অভিযোগের বিষয়ে আদালতে বিপরীত পক্ষের বক্তব্যও শোনা হয়।
সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুমিত রায়কে (Sumit Roy) গ্রেফতার করা যাবে না। একই সঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, তদন্তে তাঁকে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তদন্ত প্রক্রিয়ায় কোনও বাধা সৃষ্টি করা চলবে না।


