30.6 C
Kolkata
Monday, November 9, 2026
spot_img

মা কালী কি সত্যিই মদ্যপান করেন? শ্যামাপুজোর কারণবারির নেপথ্যে কোন রহস্য?

কলকাতা: শরৎ শেষের অমাবস্যা। চারদিকে শ্যামাপুজোর (Kali Puja) প্রস্তুতি শেষের দিকে। কোথাও হোম-যজ্ঞ, কোথাও জবা ফুলের অর্ঘ্য, আবার কোথাও পশুবলির আয়োজন। কিন্তু এই সমস্ত পরিচিত আচার-অনুষ্ঠানের বাইরেও রয়েছে এক রহস্যময় উপাদান, যার নাম কারণবারি বা মদ্য। বিশেষত তান্ত্রিক ও শ্মশানকালীর সাধনায় এই উপাদানের উল্লেখ পাওয়া যায়। কিন্তু দেবীর আরাধনায় মদ কেন? মা কালী (Kali Puja) কি সত্যিই সুরাপান করেন, নাকি এর পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক দর্শন?

তন্ত্রশাস্ত্রে শক্তি আরাধনার অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা হল পঞ্চমকার বা পঞ্চতত্ত্ব। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন, এই পাঁচটি উপাদানকে পঞ্চমকার বলা হয়। এর প্রথম উপাদানই হল মদ্য। তবে এই পাঁচটি উপাদানের ব্যবহার সব শাক্ত সম্প্রদায় বা কালীপুজোয় (Kali Puja) একরকম নয়। বিশেষত বামাচারী তন্ত্রসাধনায় এগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। অন্যদিকে, সাধারণ গৃহস্থের কালীপুজোয় এই ধরনের আচার আবশ্যিক নয়।

পৌরাণিক কাহিনি অনুসারে, ঋষি বশিষ্ঠ দীর্ঘ তপস্যা করেও সিদ্ধিলাভ করতে পারেননি। কথিত আছে, বিষ্ণুর নির্দেশে তিনি তিব্বত অঞ্চলে গিয়ে দেবী তারার তান্ত্রিক উপাসনাপদ্ধতি আয়ত্ত করেন। সেখানেই পঞ্চমকার সহযোগে সাধনার রীতির সঙ্গে তাঁর পরিচয় ঘটে। পরবর্তী সময়ে বাংলার শক্তিসাধনার ধারাতেও এই পদ্ধতির প্রভাব পড়ে।

তবে কারণবারির ব্যাখ্যা শুধু পানীয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। তন্ত্রের কিছু ব্যাখ্যায় মদ্যকে প্রতীকী অর্থে দেখা হয়। সাধকের অন্তরের অহংকার, মোহ ও পশুবৃত্তিকে জয় করে চেতনার উচ্চতর স্তরে পৌঁছনোর সাধনার সঙ্গে এর যোগ রয়েছে। কোথাও একে ব্রহ্মরন্ধ্র থেকে নিঃসৃত অমৃতধারার প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হয় (Kali Puja)।

চণ্ডীতেও দেবীর মুখে ‘মধু’ পানের উল্লেখ রয়েছে, যা ঘিরে নানা ব্যাখ্যা প্রচলিত। আবার শ্মশানকালীর বিশেষ কিছু রূপ ও উপাসনাপদ্ধতিতে মদ্য নিবেদনের উল্লেখ পাওয়া যায়।

অর্থাৎ, কারণবারি মানেই নিছক মদ্যপান নয়। তান্ত্রিক সাধনায় এর রয়েছে নিজস্ব আচারগত ও প্রতীকী তাৎপর্য। দেবীর সামনে সুরার পাত্র রাখা হয় ঠিকই, কিন্তু সেই নিবেদনের অর্থ বুঝতে হলে প্রবেশ করতে হবে তন্ত্রের গভীর দর্শনে (Kali Puja)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন