30.6 C
Kolkata
Monday, November 9, 2026
spot_img

কয়লা খনির অন্ধকারে ‘ওরা’ কারা? কালীপুজোয় গা ছমছমে কমলপুর কোলিয়ারি!

দুর্গাপুর: অমাবস্যার রাতে ভূতেদের দখলে কোলিয়ারি! অন্ধকার সুড়ঙ্গ থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ছে প্রেতাত্মা, দুর্গাপুরে কালীপুজোয় (Kali Puja) হাড়হিম অভিজ্ঞতা! অমাবস্যার রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎই সেই অন্ধকার চিরে ভেসে এল এক বিকট আওয়াজ! সামনেই দাঁড়িয়ে বীভৎস চেহারার এক প্রেতাত্মা। একটু এগোতেই আবার চোখের সামনে হাজির আর এক ভূত! কেউ লুকিয়ে রয়েছে কুয়োর ভিতরে, কেউ আবার শ্রমিকের বেশে দিব্যি কাজ করে চলেছে কয়লাখনির অন্দরে। সাবধান! একটু অসতর্ক হলেই ভূতেদের খপ্পরে পড়তে পারেন!

না, কোনও ভৌতিক সিনেমার দৃশ্য নয়। বাস্তবেও অবশ্য ভূতের উপদ্রব নয়। বরং কালীপুজোয় (Kali Puja) দর্শনার্থীদের চমকে দিতে এমনই হাড়হিম আয়োজন করা হয়েছে দুর্গাপুরের কমলপুরে। পরিত্যক্ত কয়লাখনির আদলে তৈরি হয়েছে এক অভিনব ভূতুড়ে কোলিয়ারি।

মণ্ডপে পা রাখলেই মনে হবে, কয়েকশো ফুট মাটির গভীরে নেমে এসেছেন। চারদিকে কয়লার স্তূপ, অন্ধকার সুড়ঙ্গ, খনির ভিতরে কাজের ব্যস্ততা। তবে এই খনির শ্রমিকরা আর পাঁচজনের মতো নন। তাঁদের অনেকেই আসলে ভূত! কখনও সুড়ঙ্গের ভিতর থেকে বেরিয়ে আসছে ভয়ংকর প্রেতাত্মা, কখনও আবার আচমকাই সামনে এসে হাজির হচ্ছে বীভৎস অবয়ব। কোথাও কুয়োর ভিতরে লুকিয়ে রয়েছে অশরীরী, কোথাও আবার ভূতের দল চালাচ্ছে কয়লা খনির কাজকর্ম।

আলো-আঁধারির নিখুঁত খেলায় গোটা পরিবেশ হয়ে উঠেছে আরও রহস্যময়। দর্শনার্থীরা এক পা এগোতেই বুকের ভিতর ধুকপুকানি বেড়ে যাচ্ছে। কখন কোথা থেকে কী বেরিয়ে আসে, সেই আশঙ্কাতেই চোখ-কান খোলা রাখতে হচ্ছে।

শুধু ভূতুড়ে কোলিয়ারিই নয়, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবী কালীর (Kali Puja) মূর্তিতেও রয়েছে ভয়ংকর রূপের ছোঁয়া। কালচে পাথরের উপর সিঁদুরমাখা দেবীমূর্তি, চারপাশে কালো পাথরের খোদাই করা চালচিত্র, সব মিলিয়ে মণ্ডপের প্রতিটি কোণেই যেন রহস্যের ছায়া।

ভয় পাওয়ার পাশাপাশি এই অভিনব থিম দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি। কেউ ভূতেদের কাণ্ডকারখানা দেখে শিউরে উঠছেন, কেউ আবার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। সব মিলিয়ে কালীপুজোয় (Kali Puja) দুর্গাপুরের কমলপুরে যেন খুলে গিয়েছে ভূতেদের নিজস্ব রাজ্য। এখানে রাত যত গভীর, রহস্যের আকর্ষণও তত বেশি!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন