Aaj lndia Desk,কলকাতা:ভোটে হারার এক মাসও পেরোয়নি। তার মধ্যেই কার্যত ছন্নছাড়া অবস্থা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের(TMC)। দলের অন্দরেই ক্ষোভ-বিক্ষোভ ক্রমশ প্রকাশ্যে আসছে। কোথাও সাংসদ, কোথাও বিধায়ক, আবার কোথাও কাউন্সিলরদের নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন।বিভিন্ন পুরসভায় গণইস্তফার ঘটনাও দেখা গিয়েছে ।
এই আবহেই কলকাতা পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। আর পদত্যাগের পরই নিজের উপর হওয়া পুরনো হামলার প্রসঙ্গ তুলে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।
২০২৪ সালে সুশান্ত ঘোষের উপর তাঁর বাড়ির সামনেই হামলা হয়েছিল। অভিযোগ, একেবারে সামনে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয়। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। প্রায় দুবছর পর সেই ঘটনার কথা স্মরণ করেই এবার বিস্ফোরক দাবি করেছেন সুশান্ত। তাঁর অভিযোগ, “আমার উপর যে আক্রমণ হয়েছিল, তার নেতৃত্বে যে ছিল, পরবর্তীকালে তাকেই দলীয় পদ পাইয়ে দেওয়া হয়েছিল।”
সুশান্ত ঘোষ আরও দাবি করেছেন, হামলার ঘটনার প্রকৃত তদন্ত কখনও হয়নি। তাঁর কথায়, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বদলে উল্টে গুরুত্ব বাড়ানো হয়েছিল দলে।
এদিকে নতুন মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন তিনি। সুশান্তর বক্তব্য, প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিরপেক্ষ তদন্ত করা হোক। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির। অনেকের মতে, ভোটের পর দলের অভ্যন্তরীণ কোন্দল এবার ক্রমশ প্রকাশ্যে চলে আসছে।


