Aaj India Desk, কলকাতা: বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট Kolkata High Court)। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়ার বিষয়ে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত। শুধু বিরোধী দলনেতা নির্বাচনই নয়, চিফ হুইপ নির্বাচনের সিদ্ধান্তও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ ৩ জুন স্পিকারের নেওয়া সিদ্ধান্ত খারিজ করে আগামী ১০ দিনের মধ্যে নতুন করে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে।
আদালতের এই রায়ের পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর বক্তব্য, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে কোনও বিধায়ক ব্যক্তিগতভাবে কোন দিকে রয়েছেন, তা বিচার্য হতে পারে না। যে রাজনৈতিক দলের প্রতীক নিয়ে কোনও বিধায়ক নির্বাচনে জিতেছেন, সেই দল যাঁকে মনোনীত করবে, তিনিই বিরোধী দলনেতা হওয়ার অধিকারী। কুণালের দাবি, এটাই নিয়ম। কিন্তু সেই নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের অভিযোগ, বিজেপি দল ভাঙানোর চেষ্টা করেছে এবং সেই প্রক্রিয়ায় বিধানসভার অধ্যক্ষের পদ ব্যবহার করা হয়েছে। তাঁর কথায়, স্পিকারের আসনের কাছ থেকে নিরপেক্ষতা প্রত্যাশা করেছিলেন তাঁরা। কিন্তু বারবার সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার আদালতের নির্দেশ মেনে অধ্যক্ষ সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়ের বসার জায়গা না পাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কুণাল।
উল্লেখ্য, এই মামলায় প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন জানিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পরে ডিভিশন বেঞ্চে যান তিনি। গত ১৮ অগাস্ট ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, আপাতত ঋতব্রতই বিরোধী দলনেতা হিসেবে কাজ চালাবেন। তবে দু’মাসের মধ্যে মূল মামলার নিষ্পত্তি করার নির্দেশও দেওয়া হয়েছিল। পুজোর ছুটির কারণে সেই শুনানি পিছিয়ে যায়। অবশেষে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চের এই রায়ের পর আগামী ১০ দিনের মধ্যে অধ্যক্ষ কী সিদ্ধান্ত নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


