Aaj India Desk, কলকাতা: কলকাতার রাস্তার নামের (Kolkata Road Renaming) তালিকায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন। প্রথম দফায় শহরের ১৬টি রাস্তার নাম বদলের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত তালিকায় রয়েছে স্ট্র্যান্ড রোড, বিশ্ব বাংলা সরণি-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। সূত্রের খবর, স্ট্র্যান্ড রোডের নতুন নাম হতে পারে সম্রাট শশাঙ্ক সরণি। অন্যদিকে, বিশ্ব বাংলা সরণির নাম মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে করার প্রস্তাব উঠেছে। পাশাপাশি কলকাতার রাস্তা থেকে লেনিন, কার্ল মার্কস এবং হো চি মিনের নামও সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম দফায় ১৬টি রাস্তা
মুখ্যমন্ত্রীর তৈরি করা রাস্তার নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির প্রথম বৈঠকেই এই বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজের নেতৃত্বে বৈঠকটি হয়। উপস্থিত ছিলেন কমিটির ১০ জন সদস্য। বৈঠকে কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। (Kolkata Road Renaming)
স্ট্র্যান্ড রোডের নতুন নাম কী?
স্ট্র্যান্ড রোডের নাম বদলে সম্রাট শশাঙ্ক সরণি করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে, বিশ্ব বাংলা সরণির নাম মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে করার প্রস্তাব উঠেছে। তবে এই রাস্তার নাম সত্যেন্দ্রনাথ বসুর নামে করার প্রস্তাবও কমিটির কাছে জমা পড়েছে। ফলে বিশ্ব বাংলা সরণির নতুন নাম কী হবে, তা এখনও চূড়ান্ত নয়।
তালিকায় লেনিন, মার্কস ও হো চি মিনের নাম
কমিটির আলোচনায় কলকাতার রাস্তা থেকে বিদেশি ব্যক্তিত্বদের নাম সরানোর বিষয়টিও উঠে এসেছে। প্রথম দফায় লেনিন, কার্ল মার্কস এবং হো চি মিনের নামে থাকা রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব রয়েছে। নতুন নামকরণের ক্ষেত্রে ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে। (Kolkata Road Renaming)
কারা রয়েছেন নাম পরিবর্তনের কমিটিতে?
কলকাতা পুরসভায় আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, কলকাতার পুর-কমিশনার স্মিতা পাণ্ডে এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন-সহ কমিটির অন্যান্য সদস্যরা। প্রস্তাবিত নামগুলি ইতিহাসবিদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। তাঁদের মতামত ও অনুমোদন পাওয়ার পর নামগুলি চূড়ান্ত করে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এরপর বিধানসভায় নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করবে রাজ্য সরকার।
তবে আপাতত ১৬টি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত নতুন নামগুলি কার্যকর হচ্ছে না।


