কলকাতা: এতদিন ধরে যে হাজরা রোডের (Hazra Road) নাম শুনে আসছেন, সেই ‘হাজরা’ আসলে কে? এবার সেই রহস্যেরও খোঁজ করতে চলেছে কার্তিক মহারাজের কমিটি!
নজরে ১৬টি রাস্তা, আরও ৩৬টির প্রস্তাব!
গত সেপ্টেম্বরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন রাস্তা, সরণি, সেতু ও জনসাধারণের ব্যবহারের জায়গার নামকরণ এবং পুনর্নামকরণের প্রস্তাব খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি কমিটি তৈরি করে রাজ্য সরকার। সেই কমিটির মাথায় রয়েছেন কার্তিক মহারাজ।
কমিটিতে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা সুব্রত গুপ্ত এবং কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে-সহ একাধিক আধিকারিক। কমিটির কাজ শুধু নাম পাল্টানোর তালিকা তৈরি করা নয়। প্রস্তাবিত নামের পিছনে ইতিহাস, সংস্কৃতি, সামাজিক গুরুত্ব ও ঐতিহ্যের বিষয়গুলিও খতিয়ে দেখার দায়িত্ব রয়েছে তাঁদের।
২৭ নভেম্বরের বৈঠকে মোট ১৬টি রাস্তার নাম নিয়ে আলোচনা হয়েছে। আরও ৩৬টি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব আসার কথা রয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। অর্থাৎ, কলকাতার পরিচিত ঠিকানাগুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনও অনেকটাই বাকি।
হাজরা রোডের হাজরা কে? নামের পিছনে রয়েছে দুই পুকুরের গল্প!
এবার আসা যাক সেই প্রশ্নে, যা কলকাতার বহু বাসিন্দার মনেই কৌতূহল তৈরি করতে পারে। হাজরা রোডের (Hazra Road) নামের পিছনে আসলে কী ইতিহাস? দক্ষিণ কলকাতার কালীঘাট ব্রিজ থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত বিস্তৃত এই ব্যস্ত রাস্তা শহরের অন্যতম পরিচিত ঠিকানা। কিন্তু হাজরা নামটি এল কোথা থেকে?
কলকাতা গবেষক গৌতম বসু মল্লিকের ব্যাখ্যা অনুযায়ী, ১৮২০ থেকে ১৮৩৬ সালের মধ্যে লটারি কমিটির অর্থে কলকাতায় যে রাস্তাগুলি তৈরি হয়েছিল, সেগুলির উল্লেখ রয়েছে শল্কের ম্যাপে। সেই মানচিত্রে হাজরা রোডের (Hazra Road) অস্তিত্বের কথাও পাওয়া যায়।
তাঁর মতে, এই রাস্তার নামকরণের পিছনে রয়েছে দুটি পুকুরের গল্প। অনুমান করা হয়, কোনও একজন বা দু’জন হাজি ওই পুকুর দুটি খনন করেছিলেন। সেই সূত্রেই হাজরা রোড (Hazra Road) নামটির প্রচলন হতে পারে। অবশ্য এই ব্যাখ্যার পক্ষে নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ নেই। ফলে হাজরা রোডের নামের উৎস নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে। এবার কমিটির তরফেও খুঁজে দেখা হবে, এই হাজরা আসলে কে বা কী!


