24 C
Kolkata
Friday, May 29, 2026
spot_img

জীবদ্দশায় বিতর্কিত নন্দনেই শেষ শ্রদ্ধা! অনীক প্রয়াণে আবেগঘন চলচ্চিত্র জগৎ

Aaj India Desk, কলকাতা : আজ বিষাদে মোড়া এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল কলকাতার নন্দন চত্বর। জীবদ্দশায় যে সরকারি প্রেক্ষাগৃহকে ঘিরে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছিল পরিচালক অনীক দত্তকে (Anik Dutta), শুক্রবার সেই নন্দনেই শেষ শ্রদ্ধা জানানো হল তাঁকে। এ দিন নন্দনের প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন টলিপাড়ার শিল্পী, কলাকুশলী ও অনুরাগী সহ তাঁর কাছের মানুষরাও।

শোকস্তব্ধ টলিপাড়া

অনীক দত্তকে (Anik Dutta) শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে হাজির হয়েছিলেন চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ। উপস্থিত ছিলেন অঞ্জন দত্ত, সৃজিত মুখোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী-সহ অনেকে। প্রত্যেকের মুখেই ছিল শোক আর অবিশ্বাসের ছাপ।

স্মৃতিচারণায় আবেগ

প্রয়াত অনীক দত্ত (Anik Dutta) আদ্যোপান্ত বামপন্থী ভাবনায় বিশ্বাসী ছিলেন। সিপিএম নেতা মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ তাঁকে “কট্টর বামপন্থী” বলে অভিহিত করেছিলেন বহুবার। সেই সূত্র ধরেই পরিচালকের শেষযাত্রায় উপস্থিত ছিলেন প্রবীণ বাম নেতা বিমান বসুও। তিনি বলেন, “চলচ্চিত্র শিল্পে ওঁর আরও অনেক দিন প্রয়োজন ছিল। সমাজকে আরও অনেক কিছু দেওয়ার ছিল ওঁর।”

তদন্তে আত্মহত্যার তত্ত্বে জোর

এদিকে পরিচালকের মৃত্যুর ঘটনার তদন্ত এখনও চলছে। তাঁর আত্মহত্যার সম্ভাবনাকেই প্রাধান্য দিয়ে তদন্ত এগোচ্ছে পুলিশ। বুধবার হিন্দুস্থান পার্কের একটি ছয়তলা আবাসনের ঘটনাস্থল থেকে একটি জোড়া স্যান্ডেল, একটি সিনেমাটোগ্রাফি ম্যাগাজিন এবং একটি নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়। সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে, অনীক দত্ত আবাসনে ঢুকে সরাসরি ছাদে চলে যান। তদন্তকারীদের দাবি, তিনি কারও সঙ্গে দেখা করার চেষ্টা করেননি। উদ্ধার হওয়া নোটে মেয়ের উদ্দেশে কিছু কথা এবং কয়েকজন বন্ধু-পরিচিতের কাছে ক্ষমা চাওয়ার উল্লেখ ছিল। ফরেন্সিক বিশেষজ্ঞদের সহায়তায় সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। শেষকৃত্যের পর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবে পুলিশ।

তাঁর মৃত্যু নিয়ে নানান জল্পনা ও বিতর্ক উঠে এলেও জীবনের এসব বিতর্কের বাইরে গিয়ে মতাদর্শ এবং সৃজনশীল অবস্থানের মাধ্যমে অনীক দত্ত যে বাংলা সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন, তা এ দিনের নন্দন চত্বর আরও একবার মনে করিয়ে দিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন