Aaj India Desk, পূর্ব মেদিনীপুর : নন্দীগ্রামের কংগ্রেস নেতা মিলন প্রধান (Milan Pradhan) অবশেষে আত্মসমর্পণ করলেন। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার, ২৭ নভেম্বর হলদিয়া আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ২০০৭ সালের নন্দীগ্রাম জমি আন্দোলন সংক্রান্ত একাধিক মামলায় অভিযুক্ত মিলনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়েছিল গত ২৫ নভেম্বর। এরপর নতুন করে জামিনের আবেদন জানালেও তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
নন্দীগ্রামের উপনির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত ও লুটপাট-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। নন্দীগ্রাম ও খেজুরি থানায় মোট ছ’টি মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। ভোটের আগে এই মামলাগুলিতে গ্রেপ্তার হওয়ার পর জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল আদালত।
কলকাতা হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তবে শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল থাকে। একই সঙ্গে রাজ্যকে ফের হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয়।হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর মিলন প্রধানকে আত্মসমর্পণ করতে হত।
গত ২৫ নভেম্বর অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হলেও নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করেননি মিলন (Milan Pradhan)। ওই দিনই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ফের জামিনের আবেদন জানানো হয় তাঁর তরফে। তবে আদালতের নির্দেশ সত্ত্বেও আত্মসমর্পণ না করায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার হলদিয়া আদালতে হাজির হন নন্দীগ্রামের কংগ্রেস নেতা। আত্মসমর্পণের পরও তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।


