Aaj India Desk, কলকাতা : মাসের পর মাস প্রস্তুতি, লক্ষ্য UGC NET ও JRF। কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে এসে তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। একই দিনে দু’টি গুরুত্বপূর্ণ পরীক্ষার সূচি পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের বহু B.Ed পড়ুয়া। একদিকে UGC NET, অন্যদিকে বাবা সাহেব আম্বেদকর শিক্ষা বিশ্ববিদ্যালয়ের B.Ed দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। পরীক্ষার দিন পরিবর্তনের দাবিতে এবার উচ্চশিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন পড়ুয়ারা।
কোন কোন দিনে পরীক্ষার সংঘাত?
সম্প্রতি বাবা সাহেব আম্বেদকর শিক্ষা বিশ্ববিদ্যালয় (BSAEU) B.Ed ২০২৫-২৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৪, ১৬, ১৮ ও ১৯ ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা। অন্যদিকে, UGC NET-এর পরীক্ষার সূচি প্রায় পাঁচ-ছয় মাস আগেই প্রকাশিত হয়েছিল। সেই সূচি অনুযায়ী, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২১ ডিসেম্বর পরীক্ষা নির্ধারিত রয়েছে। ফলে ১৪, ১৬ ও ১৮ ডিসেম্বর দুই পরীক্ষার তারিখ একসঙ্গে পড়ছে। এই সংঘাত নিয়েই আপত্তি পড়ুয়াদের।
NET-JRF পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
পড়ুয়াদের একাংশের বক্তব্য, UGC NET এবং JRF-এর প্রস্তুতির জন্য অনেকে এক-দু’বছর ধরে নিয়মিত পড়াশোনা করছেন। ব্যক্তিগত কাজকর্ম ও অন্যান্য ব্যস্ততা সরিয়ে রেখে প্রস্তুতি নিয়েছেন তাঁরা। এমন পরিস্থিতিতে পরীক্ষার তারিখের সংঘাতের কারণে জাতীয় স্তরের এই পরীক্ষায় বসার সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। UGC NET-এর পরীক্ষার সূচি আগে থেকেই প্রকাশিত ছিল। তা সত্ত্বেও B.Ed পরীক্ষার দিনক্ষণ নির্ধারণের সময় এই বিষয়টি বিবেচনা করা হল না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক পড়ুয়া।
উচ্চশিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের আবেদন
এই পরিস্থিতিতে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন পড়ুয়ারা। তাঁদের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাবা সাহেব আম্বেদকর শিক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হোক এবং প্রয়োজন অনুযায়ী B.Ed দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার তারিখ পরিবর্তনের ব্যবস্থা করা হোক।
সব মিলিয়ে, পরীক্ষার প্রস্তুতির শেষ পর্যায়ে এসে দুই পরীক্ষার সূচি-সংঘাত নিয়ে উদ্বিগ্ন B.Ed পড়ুয়ারা। এখন দেখার, পড়ুয়াদের এই আবেদনে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সূচি পরিবর্তনের বিষয়ে কোনও পদক্ষেপ করে কি না।


