Aaj India Desk, কলকাতা: কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট এবং সশস্ত্র সাব-ইন্সপেক্টর পদে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন লালবাজারের অনুষ্ঠান থেকে পুলিশকর্মীদের নিরাপত্তা এবং নতুন নিয়োগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। একইসঙ্গে পুলিশের গায়ে হাত তোলার ঘটনা নিয়েও কড়া সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী।
পুলিশের গায়ে হাত তুললে কড়া ব্যবস্থা
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, আগামী দিনে কোনও ব্যক্তি পুলিশের গায়ে হাত তুললে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এমন ঘটনায় রক্তপাত হলে অভিযুক্ত যে-ই হোক, তাঁকে জেলে থাকতে হবে। প্রয়োজনে কাস্টডি ট্রায়ালের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
পুলিশে আরও নিয়োগের ঘোষণা
পুলিশে নিয়োগের বিষয়ে বড় তথ্য দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মোট ২৭ হাজার ৫৫৬টি পদের মধ্যে ৬ হাজার ৩৪৫টি পদ মহিলাদের জন্য থাকছে। ইতিমধ্যেই ১১ হাজার ৯০২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, আরও ১০ হাজার ৫৪৪টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী ছয় মাসের মধ্যে পুলিশে আরও অনেক কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি। শুধু পুলিশ নয়, ফায়ার সার্ভিস এবং বন দফতরেও নতুন নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমান সরকারের আমলে নিয়োগের ক্ষেত্রে কোনও অনিয়মের সুযোগ থাকবে না। আদালতে মামলা করলেও নিয়োগ প্রক্রিয়া আটকে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ডিসেম্বর ও জানুয়ারিতে নতুন নিয়োগ
নিয়োগের সময়সীমা সম্পর্কেও বিস্তারিত জানান শুভেন্দু। তাঁর ঘোষণা অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে ১১০০-র বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। অন্যদিকে, জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার আগেই কলকাতা পুলিশের কনস্টেবল পদে ৪ হাজারেরও বেশি প্রার্থী নিয়োগপত্র পাবেন বলে জানান তিনি।
নবনিযুক্ত পুলিশকর্মীদের উদ্দেশে বার্তা
নতুন কাজে যোগ দিতে চলা পুলিশকর্মীদের দায়িত্ব ও কর্তব্যের কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেককে নিজের ঊর্ধ্বতন আধিকারিকের নির্দেশ মেনে শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। পুলিশ এমন একটি পেশা, যেখানে নির্দিষ্ট সময় মেনে দায়িত্ব শেষ করা সম্ভব নয়।
কোনও মহিলা বা কন্যার সঙ্গে খারাপ আচরণের ঘটনা ঘটলে পরিস্থিতি বুঝে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলেও আশ্বাস দেন শুভেন্দু।
পুলিশকর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ
পুলিশের কাজের পরিবেশ এবং সুযোগ-সুবিধা উন্নত করতেও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী কয়েক মাসের মধ্যে ১১২ জরুরি পরিষেবার জন্য আরও তিনটি গাড়ি এবং তিনটি বাইক দেওয়া হবে।
এছাড়াও, প্রতিটি থানায় ১১২ পরিষেবার জন্য ২০ জনের একটি বিশেষ বাহিনী রাখার পরিকল্পনার কথা জানান তিনি। রাজ্য পুলিশের থানাগুলিতে জিম, পানীয় জলের ব্যবস্থা এবং জেনারেটর দেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের ক্ষেত্রেও একই ধরনের সুবিধা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু।


