সোমবার সন্ধ্যা নামতেই গড়িয়াহাট চেস ক্লাবে একে একে ভিড় জমাতে শুরু করেছেন দাবাপ্রেমীরা। তবু এদিন যেন মন পুরোপুরি বসছে না সামনের বোর্ডে। বসবেই বা কী করে ? হাজার হাজার কিলোমিটার দূরে আজ ওসলোতে যে ঠিক তাঁদের মতোই আরেকটি দাবার বোর্ডের সামনে বসবেন ভারতের বিশ্বচ্যাম্পিয়ন, ডি. গুকেশ!
এবার নরওয়ের রাজধানী ওসলোতে অনুষ্ঠিত হচ্ছে নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ (Norway Chess 2026)। ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে এই ডাবল রাউন্ড-রবিন প্রতিযোগিতা। ওপেন এবং মহিলা বিভাগ মিলিয়ে বিশ্বের সেরা দাবাড়ুরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। তবু ভারতের দৃষ্টি আটকে এর সন্তানদের পারফরম্যান্সের উপরেই।
ভারত থেকে কারা কারা খেলছেন এই টুর্নামেন্টে ?
ভারত থেকে মোট ৪ জন দাবাড়ু নরওয়ে চেসে (Norway Chess 2026) অংশ নিয়েছেন। পুরুষদের মধ্যে ডি গুকেশ এবং আর. প্রজ্ঞানানন্দ ও মহিলাদের মধ্যে কোনেরু হাম্পি এবং দিব্যা দেশমূখ।
• গুকেশ: নভেম্বর মাসে বিশ্বচ্যাম্পিয়নশিপ রক্ষার আগে এটিই গুকেশের শেষ বড় ক্লাসিক্যাল টুর্নামেন্টগুলির একটি। চলতি বছরে তাঁর পারফরম্যান্স খুব ভালো ছিল না। প্রাগ মাস্টার্স এবং টাটা স্টিল চেস টুর্নামেন্টে প্রত্যাশিত ফল করতে পারেননি তিনি। সেই কারণে তাঁর বিশ্বচ্যাম্পিয়নশিপ ধরে রাখা নিয়েও আলোচনা শুরু হয়েছে দাবা মহলে। ফলে এই নরওয়ের ম্যাচে ভালো ফল করা গুকেশের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং। আজকেই ভারতীয় সময় অনুযায়ী রাত ৮.৩০ টায় তাঁর প্রথম ম্যাচ হবে কেইমারের বিরুদ্ধে।

উল্লেখ্য, এই বছর ওসলোর মঞ্চে বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনের বিরুদ্ধে দু’বার খেলবেন গুকেশ। ফলে এই লড়াইকে অনেকেই মানসিক পরীক্ষাও হিসেবে দেখছেন। যদিও আগেই একবার ক্লাসিক্যাল ফরম্যাটে কার্লসেনকে হারিয়েছেন তিনি। তবে এইবার কি হবে তা নিয়েই চিন্তিত দাবাপ্রেমীরা।
• প্রজ্ঞানানন্দ : ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে ধারাবাহিক সাফল্য পাচ্ছেন না প্রজ্ঞানানন্দও। নরওয়ে চেস তাঁর জন্য নিজেকে প্রমাণ করার আরেকটি সুযোগ।

• কোনেরু হাম্পি : আজ কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার বিবিসারার বিরুদ্ধে খেলবেন প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি। চেস অলিম্পিয়াডে সোনা জেতার পর এই টুর্নামেন্টে তাঁর থেকে বড় জয়ের আশায় রয়েছেন ভারতীয় দাবাপ্রেমীরা।

• দিব্যা দেশমূখ : মাত্র ২০ বছর বয়সে দিব্যা নরওয়ে চেস উইমেনস বিভাগের সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী। গত বছর FIDE উইমেনস ওয়ার্ল্ড কাপ জিতে আলোচনায় আসেন দিব্যা। সম্প্রতি সাইপ্রাসে উইমেনস ক্যান্ডিডেটসে প্রত্যাশিত ফল না করার পর ওসলোতে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ভারতীয় এই তরুণী দাবাড়ু।

এক কথায়, আজ থেকে টানা দশ দিন টান টান উত্তেজনায় কাটাবেন ভারতের দাবাপ্রেমীরা। এবার নরওয়ের (Norway Chess 2026) মঞ্চে কিরকম পারফরম্যান্স দেবেন ভারতের দাবা চ্যাম্পিয়নরা, সেটাই দেখার।


