Aaj lndia Desk,নয়াদিল্লি: ভোটের পর রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছে অনুপ্রবেশকারী ইস্যু। ভারত সরকার জানিয়েছে, ভারতে বেআইনিভাবে বসবাসকারী প্রায় ২,৮৬০ জন সন্দেহভাজন ব্যক্তির নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ পাঠানো হয়েছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানিয়েছেন, দুই দেশের মধ্যে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর জন্য একটি নির্দিষ্ট দ্বিপাক্ষিক প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার মাধ্যমেই তালিকা বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নাগরিকত্ব যাচাই হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ ও অসমে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রশাসনিক অভিযান শুরু হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করা হয়েছে। বিভিন্ন জায়গায় ডিটেনশন সেন্টারে নথিপত্রহীন ব্যক্তিদের রাখা হচ্ছে এবং তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠে আসছে। তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি আবারও চর্চিত হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছে বলেও জানা গেছে।
এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ চলছে বলে সূত্রের খবর। পরিস্থিতির ওপর নজর রাখছে দুই দেশের প্রশাসন।


