নয়াদিল্লি: সিজেপি আন্দোলনে উত্তাল দিল্লি। নিট (Neet paper leak protest) সহ একাধিক প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থার দুর্নীতি-বেহাল দশার বিরুদ্ধে ছাত্র-যুবদের আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে অপপ্রচারও হচ্ছে ব্যপকভাবে। এরই মধ্যে সামনে এল পুলিশের একটি চাঞ্চল্যকর ভিডিও। যেখানে মুম্বইয়ে নিট আন্দোলনকারী (Neet paper leak protest) কিছু ছাত্রকে গাঁজা কেসে ফাঁসানোর হুমকি দিচ্ছেন এক পুলিশ কর্মী!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক পুলিশকর্মীকে আন্দোলনকারী কয়েকজন ছাত্রকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে শোনা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল ও নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশের একটি গাড়ির ভিতরে কয়েকজন ছাত্র বসে রয়েছেন। সেখানে উপস্থিত এক পুলিশকর্মী তাঁদের উদ্দেশে বলেন, “আবার যদি আন্দোলনে দেখি, তাহলে তোদের পকেটে ৫০ গ্রাম গাঁজা ঢুকিয়ে দেব। তারপর এমন মামলা হবে যে জামিনও পাবি না, জেলেই পচতে হবে।” একইসঙ্গে তাঁকে আরও বলতে শোনা যায়, “তোদের জন্যই আমাদের এত ভোগান্তি হচ্ছে। তোরা সাবধান হয়ে যা।” (ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ ইন্ডিয়া)
X link: https://x.com/INCMumbai/status/2080116957966471206?s=20
ভিডিওটি সামনে আসার পর কংগ্রেস এবং ককরোচ জনতা পার্টি (CJP) নিজেদের এক্স হ্যান্ডেলে সেটি শেয়ার করে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। বিরোধীদের অভিযোগ, আন্দোলন দমাতে ছাত্রদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। বিতর্ক বাড়তেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। পুলিশের ডেপুটি কমিশনার আকবর পাঠান জানান, ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্ত পুলিশ চালককে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বলা বাহুল্য, ছাত্র আন্দোলন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই। ২০ জুলাই সংসদ অভিযানের সময় পুলিশি পদক্ষেপের পর আন্দোলন (Neet paper leak protest) ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন শহরে। মুম্বইয়ের শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দান-সহ একাধিক এলাকায় ছাত্রদের বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ দেখা গিয়েছে। আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যেই ভাইরাল হওয়া এই ভিডিও নতুন করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।


